২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউকে ট্রাম্পের আহ্বান

ইউক্রেইনে যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করতে ইউরোপীয় ইউনিয়নকে এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউকে ট্রাম্পের আহ্বান
‘ট্যারিফ’ লেবেল লাগানো ইইউ পতাকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 02:46 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইনে যুদ্ধ থামানোর জন্য চাপে ফেলতে চীন ও ভারতের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইইউ কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্প নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান ট্রাম্প। আলোচনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিবিসি-কে একথা জানিয়েছেন।

রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে শান্তিচুক্তি করানোর প্রচেষ্টায় হোঁচট খাচ্ছেন ট্রাম্প, আর রাশিয়ার হামলা ইউক্রেইনে আরও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতেই রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ইইউ-কে এই উদ্যোগ নিতে বললেন ট্রাম্প।

আলাদা করে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলবেন।

চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা, যা রুশ অর্থনীতিকে সচল রাখছে। গত মাসে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসাবে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা ছিল।

যদিও ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা রুশ জ্বালানির ওপর নির্ভরতা শেষ করবে, তবুও তাদের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এখনো রাশিয়া থেকে আসে।

চীন ও ভারতের ওপর ইউরোপীয় ইউনিয়ন যদি এই শুল্ক আরোপ করে, তবে তা হবে রাশিয়াকে আলাদা করার ক্ষেত্রে কৌশলের পরিবর্তন—যেখানে আগে তারা নিষেধাজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

ইইউকে ভারত ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের অনুরোধের খবর প্রথম প্রকাশ করে দ্য ফিন্যান্সিয়াল টাইমস। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চায়। তবে এক্ষেত্রে তাদের দরকার ইউরোপীয়দের শক্তিশালী সমর্থন।

ইউক্রেইনে রাশিয়ার হামলা অবিরাম চলছে। গত সপ্তাহান্তে ইউক্রেইনের রাজধানী কিইভে সরকারি প্রধান ভবনে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়—যা প্রতীকী পদক্ষেপ হিসেবে যেমন দেখা হচ্ছে, তেমনি ক্রেমলিনের আগ্রাসনের বড় ধরনের বৃদ্ধি হিসেবেও ধরা হচ্ছে।

সপ্তাহান্তে দেশজুড়ে আক্রমণে রাশিয়া ইউক্রেইনের ওপর যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালায়। ইউক্রেইন জানায়, রুশ বাহিনী অন্তত ৮১০টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

মঙ্গলবার পূর্বাঞ্চলীয় ডনবাসে পেনশন নিতে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের ওপর রাশিয়ার এক ‘গ্লাইড বোমা’ হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছেন।

সপ্তাহান্তের বিমান হামলার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি পুরো পরিস্থিতি নিয়ে ‘খুবই অসন্তুষ্ট’ এবং ক্রেমলিনের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেন।

পুতিন সময়সীমা ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করলেও ট্রাম্প এতদিন কোনও পদক্ষেপ নেননি। গত মাসে আলাস্কায় দুই নেতার বহুল প্রতীক্ষিত বৈঠকও কোনও শান্তিচুক্তি ছাড়াই শেষ হয়।