২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির তোড়ে দিল্লির উপশহরে ৮ ঘণ্টার যানজট

দীর্ঘ এ যানজট দেখে গুরুগ্রামের মতো এলাকার অবকাঠামোর দুরবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

বৃষ্টির তোড়ে দিল্লির উপশহরে ৮ ঘণ্টার যানজট
কয়েক হাজার যাত্রী গুরুগ্রামে ৬ থেকে ৮ ঘণ্টা আটকে ছিলেন। ছবি: পিটিআই/হিন্দুস্তান টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বৃষ্টির কারণে সৃষ্ট যানজটে কয়েক হাজার যাত্রী দিল্লি সংলগ্ন ধনী একটি উপশহরে ৬ থেকে ৮ ঘণ্টা আটকে ছিলেন। 

সোমবারের এই যানজটের ঘটনা ভারতে অনলাইনজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গুরুগ্রামের মতো এলাকার অবকাঠামোর এমন দুরবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।  

দিল্লির এ উপশহরটি অত্যাধুনিক সব আকাশচুম্বী ভবন ও ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কর্পোরেট অফিসের জন্য পরিচিত।

আরও বৃষ্টির সম্ভানা থাকায় রাজধানী দিল্লির প্রান্তে অবস্থিত এ উপশহরটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অফিস, স্কুল ও কলেজগুলোকে মঙ্গলবার ঘর থেকেই কাজ বা পড়াশোনার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

টানা বৃষ্টি চলতি বছর ভারতের অনেক অংশে ভয়াবহ বিপর্যয় এনে দিয়েছে, বন্যা-ভূমিধসে প্রাণ গেছে কয়েকশ লোকের। 

সোমবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুগ্রামের ‘দুঃস্বপ্নের মতো’ যানজটে হতাশা ব্যক্ত করেন। এক রাস্তায় যানজট ১০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল বলেও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ভাইরাল এক ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের অন্তত এক ডজন লেনের এমাথা ওমাথা অগণিত গাড়িকে আটকে থাকতে দেখা গেছে।   

“গুরুগ্রাম ডুবছে। আপনারা বিপুল ভাড়া দেন এইভাবে বাসায় ফেরার জন্য,” এক্সে প্রতিক্রিয়ায় এমনটাই লেখেন এক ব্যবহারকারী। 

অনেকে মজা করে জানতে চান, তাদের কী অফিসেই রাত কাটানো ঠিক হবে কিনা। কেউ কেউ হেঁটেই আগেভাগে বাড়ি পৌঁছানো যাবে বলে টিটকারি করেন। 

গুরুগ্রাম প্রশাসনিকভাবে হরিয়ানা রাজ্যের অধীন। এ রাজ্যের ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

যে শহরে গুগল, মেটা, আমেরিকান এক্সপ্রেস, স্যামসাংয়ের মতো অনেক বড় বড় কোম্পানির আঞ্চলিক কার্যালয় অবস্থিত রাজ্য কেন সেখানকার অবকাঠামোর উন্নয়নে ভূমিকা রাখছে না তা প্রশ্নও তুলছেন হতাশ বাসিন্দারা। 

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে বর্ষাকালে নিয়মিতই তীব্র বন্যা দেখা যায়। তবে এবার বৃষ্টির তীব্রতা অন্য বছরগুলোর তুলনায় অনেক বেশি বলে ভাষ্য কর্মকর্তাদের। 

বৃষ্টি গত কয়েক মাসে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশে।

পাঞ্জাবে বন্যায় এরই মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবারও রাজ্যটিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হিমাচলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, এ বছরের জুন থেকে এখন পর্যন্ত বৃষ্টির কারণে হওয়া হঠাৎ বন্যা, ভূমিধস ও সড়ক দুর্ঘটনায় ৩১০ জনের মৃত্যু হয়েছে। 

গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রী অধ্যুষিত এক গ্রামে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ওই মাসেরই ৫ তারিখে হঠাৎ তীব্র বন্যায় উত্তরাখণ্ডের ধারালি গ্রামের প্রায় অর্ধেক তলিয়ে যায়।