২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

তালেবানের একটি প্রশিক্ষণ অনুশীলন চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 04:26 PM

Updated : 11 Sep 2022, 04:26 PM

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছে।

তালেবানের একটি প্রশিক্ষণ অনুশীলন চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে।

এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয়টির মুখপাত্র এনায়তু্ল্লাহ খোয়ারাজমি জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি বলেন, “একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণের জন্য ওড়ানো হয়েছিল, সেটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রযুক্তিগত কারণে বিধ্বস্ত হয়েছে।

এক বছর আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের তৈরি কিছু আকাশযানের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে সেগুলোর মধ্যে কতগুলো সচল আছে তা পরিষ্কার হয়নি।

কাবুল ছাড়ার সময় মার্কিন বাহিনী সচেতনভাবে কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করে রেখে যায় আর আফগান বিমান বাহিনীর পাইলটরা কিছু হেলিকপ্টার নিয়ে প্রতিবেশী মধ্য এশিয়ার দেশগুলোতে পালিয়ে যায়।

সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ফেলে যাওয়া এ ধরনের কিছু সামরিক সরঞ্জাম ও হেলিকপ্টার মেরামত করে সেগুলো পরীক্ষা করে দেখছিল তালেবান পরিচালিত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।