২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেনেজুয়েলাকে উপনিবেশ বানাতে চান বলে অভিযোগ তুলেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব।

ট্রাম্পের বিরুদ্ধে ভেনেজুয়েলার সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগ
তারেক সাআব। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘নিঃসন্দেহে’ ভেনেজুয়েলার সরকার উৎখাত করার চেষ্টা করছেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব বিবিসি-কে একথা বলেছেন।

ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের উপনিবেশ বানাতে চান বলে অভিযোগ তুলেছেন তিনি। তারেক উইলিয়াম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র।

তার অভিযোগ, যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার সরকার উৎখাত করে দেশটির সোনা, তেল, তামাসহ বিপুল প্রাকৃতিক সম্পদ দখলের পাঁয়তারা করছে।

ল্যাটিন আমেরিকায় মাদক-পাচারের বিরুদ্ধে বিশেষ করে, ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান জোরদার হচ্ছে।

ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে।

গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়, এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমন হামলা বাড়তে থাকার মধ্যে রোববার ভেনেজুয়েলার কাছে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের। তবে মাদুরো এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।

দুই দেশের মধ্যে অচলাবস্থা আরও বেড়ে যায় গত শুক্রবার, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দেয়।

সমুদ্র অঞ্চল ভালভাবে নিয়ন্ত্রণে নেওয়ার পর এবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্থলভাগও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় আছেন বলে জানিয়েছেন ট্রাম্প। গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলার অভিযান চালানোর এখতিয়ারও দিয়েছেন তিনি।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের স্থল আগ্রাসনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাআব বিবিসি-কে বলেন, “এটি ঘটা উচিত নয়। তবে যে কোনও কিছুর জন্য আমরা প্রস্তুত আছি।”

'মাদক পাচারের' বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 'অবৈধ' লড়াই চলার পরও ভেনেজুয়েলা এখনও আলোচনা শুরু করার জন্য রাজি আছে বলেও জানান তিনি।

বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে দেশটির বৈধ নেতা বলে স্বীকৃতি দেয়নি। ২০২৪ সালে ভেনেজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠ এবং অবাধ নয় বলে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এই অবস্থান।

সম্প্রতি ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দেশটিতে এমন শঙ্কাই জোরাল হচ্ছে যে, এই সামরিক তৎপরতার মধ্য দিয়ে ট্রাম্প তার দীর্ঘদিনের বিরোধী শাসককে (মাদুরো) ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন।