২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে ‘সীমা’ অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের

চীনের প্রেসিডেন্ট শি সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং প্রবালপ্রাচীর নিয়ে দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্র যেন না জড়ায় এবং অঞ্চলটিতে উস্কানি সৃষ্টির চেষ্টায় সায় না দেয়।

রয়টার্স

Published : 17 Nov 2024, 07:07 PM

Updated : 01 Sep 2026, 11:09 AM

এক নজরে

চীনের প্রেসিডেন্ট শি সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং প্রবালপ্রাচীর নিয়ে দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্র যেন না জড়ায় এবং অঞ্চলটিতে উস্কানি সৃষ্টির চেষ্টায় সায় না দেয়।

তাইওয়ান, গণতন্ত্র, মানবাধিকার ও চীনের উন্নয়নের অধিকার- এই চার ‘রেড লাইন’ (সীমা) যুক্তরাষ্ট্র যেন অতিক্রম না করে সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিরাপদ ও সুষ্ঠু রাখতে এই চারটি রেড লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া রোববার এাকথা জানিয়েছে। খবরে বলা হয়- শি সতর্ক করে দিয়ে আরও বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং প্রবালপ্রাচীর নিয়ে দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্র যাতে না জড়ায় এবং অঞ্চলটিতে উস্কানি সৃষ্টির কোনও চেষ্টায় যেন তারা সহায়তা না করে।

শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বাইডেনকে এই সতর্কবার্তা দেন শি। চীনের অর্থনৈতিক উন্নয়নকে পিছিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, নতুন স্নায়ুযুদ্ধ হওয়া উচিত নয়।

চীন-যুক্তরাষ্ট্র একে অপরের প্রতি বৈরিতার কারণে সম্পর্কে ওঠা-নামা দেখতে পারে বলে শি উল্লেখ করেন। তবে তিনি এও বলেন যে, দুই দেশ একে অপরকে অংশীদার এবং বন্ধু হিসাবে গণ্য করে উল্লেখযোগ্য অগ্রগতিও সাধন করতে পারে। বৃহৎ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য অনিবার্য হলেও কিছু মূল স্বার্থকে সম্মান দেখানো উচিৎ বলে শি মত প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনও 'এক চীন' নীতি অনুসরণ করলেও তারা তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাইওয়ানে অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। 'সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে' দ্বীপদেশটিকে সামরিক সহায়তারও প্রতিশ্রুতি দেয় তারা। চীন এ বিষয়টিকে তাদের 'সার্বভৌমত্বের লঙ্ঘন' হিসাবে দেখে। এ দৃষ্টিকোণ থেকেই চীনের প্রেসিডেন্ট শি দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার ব্যাপারে সতর্ক করেছেন বাইডেনকে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বেইজিং কাজ করতে আগ্রহী বলেও বৈঠকে বাইডেনকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প।