২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, কয়েকজনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে এই দুর্ঘটনার পর এক অগ্নিনির্বাপণ কর্মকর্তা বিমানের আরোহীদের মধ্যে একাধিক জনের মৃত্যুর খবর জানান।

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, কয়েকজনের মৃত্যু
বিধ্বস্ত উড়োজাহাজের একটি টুকরো পড়ে আছে। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 10:41 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের আবাসিক এলাকায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছে বলে ধারণা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সান দিয়েগো শহরের সহকারী অগ্নিনির্বাপণ প্রধান ড্যান এডি বলেন, স্থানীয় কোনও বাসিন্দা গুরুতর আহত হয়নি। তবে বিমানের আরোহীদের মধ্যে একাধিক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত এই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গাড়িতে আগুন ধরে গেছে।

আশেপাশের এলাকা থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মন্টগোমেরি গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে সেসনা ৫৫০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

কানসাসের উইচিটা থেকে রওনা হওয়া বিমানটি অবতরণের কয়েক সেকেন্ড আগে, মাত্র ৫০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়ে।

অগ্নিনির্বাপণ  কর্মকর্তা ড্যান এডি জানান, দুর্ঘটনায় ছড়িয়ে পড়া জ্বালানিতে আগুন ধরে অন্তত ১৫টি বাড়ি এবং একাধিক গাড়ি পুড়ে গেছে। স্থানীয় একটি গাড়ির আগুন  নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

“পুরো এলাকাটি যেন কোনো সিনেমার দৃশ্য” বলেন এডি। তিনি জানান, ধ্বংসস্তূপের মধ্যে এখনও উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দা জেনিফার হফম্যান বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জানালার বাইরে ঝলকানি আর বিকট শব্দে ঘুম ভাঙে। প্রথমে বজ্রপাত ভেবেছিলাম, পরে দেখি আগুনে লাল হয়ে গেছে চারপাশ।”

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ( এফএএ ) জানিয়েছে, দুর্ঘটনার আগে পাইলট কোনো জরুরি বার্তা পাঠাননি। কেবল জানিয়েছিলেন, তিনি তিন মাইল দূরে এবং অবতরণ করতে যাচ্ছেন। দুর্ঘটনার সময় কন্ট্রোল টাওয়ার বন্ধ ছিল, যা ওই সময় স্বাভাবিক নিয়ম।

বিমান বিধ্বস্তের পর সান দিয়েগোর মারফি ক্যানিয়নের স্কালপিন স্ট্রিট ও স্যান্টো রোড এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে স্থানীয়দের।