১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে রজবের চাঁদ দেখা গেছে, রমজান মাসের ক্ষণ গণনা শুরু

রজব ও পরের মাস শাবানের পরেই রমজান আসে। রজব শুরু হওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে রমজানের প্রস্তুতি শুরু হলো।

মধ্যপ্রাচ্যে রজবের চাঁদ দেখা গেছে, রমজান মাসের ক্ষণ গণনা শুরু
ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 12:48 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হিজরি দিনপঞ্জিকার সপ্তম মাস ও ইসলামের চার পবিত্র মাসের একটি— রজব মাসের চাঁদ দেখা গেছে। 

ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে রোববার থেকে রজব মাসের দিন গণণা শুরু হতে যাচ্ছে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে।

মুসলমানদের কাছে রজব মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি রমজান মাসে পা রাখার চূড়ান্ত প্রস্তুতি শুরুর ক্ষণ হিসেবে দেখা হয়। 

রজব ও পরের মাস শাবানের পরেই রমজান আসে। রজব মাস শুরু হওয়ায় এখন আনুষ্ঠানিকভাবে রমজানের প্রস্তুতি শুরু হলো।

রজব ও শাবান—দুটি মাসই যদি বরাবরের মতো ২৯ বা ৩০ দিনের করে হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকে। তবে তা নির্ভর করে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

ইসলামি অন্য মাসের মতোই, রমজানের ক্ষণ গণনাও শুরু হয় সংশ্লিষ্ট দেশের ধর্ম মন্ত্রণালয়ের মতো অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে। আর সেটা সাধারণত হয় চাঁদ দেখার ভিত্তিতে।

গালফ নিউজ বলেছে, আবুধাবিতে চাঁদ দেখার মুহূর্তটি বৈজ্ঞানিকভাবেও নথিভুক্ত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের আওতাধীন আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র ২০২৫ সালের ২০ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে রজব মাসের চাঁদের ছবি পেয়েছে। ওই সময় চাঁদটির অবস্থান ছিল সূর্য থেকে ৬ দশমিক ৭ ডিগ্রি কোণে।