যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যেই চীনে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে লুকাশেঙ্কোর।
ইউক্রেইন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া নিয়ে চীনকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারির মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং।
সিএনএন জানায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে লুকাশেঙ্কোর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে লুকাশেঙ্কো এই সফরে যাচ্ছেন বলে গত রোববার জানিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়।
গত সেপ্টেম্বর উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই দেশের নেতা বৈঠক করেছিলেন। সে সময় তারা চীন-বেলারুশ সম্পর্ককে ‘সার্বিক সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করতে একমত হন। সেই বৈঠকে পুতিনও ছিলেন।
বেলারুশ গতবছরই রাশিয়াকে ইউক্রেইনে আগ্রাসন চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। ওদিকে, চীন এখনও রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের নিন্দা জানায়নি। অতিসম্প্রতি গত শনিবার ভারতে জি-২০ সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দারও বিরোধিতা করেছে চীন।
আবার নতুন তথ্যে বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে বলে জানা গেছে- এমন কথা গত ১৯ ফেব্রয়ারিতেই বলেছেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
রাশিয়াকে অস্ত্র–গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলে হুঁশিয়ারও করেন তিনি। আবার ২৭ ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান ফের চীনকে হুঁশিয়ার করে বলেন, রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে বাস্তবিক মূল্য দিতে হবে।
বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েকসপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। তার মধ্যেই বেলারুশের প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন।
ইউক্রেইন সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে চীন। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তিতে গত শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় ১২ দফা প্রস্তাব দিয়েছে, যাতে যুদ্ধবিরতি ও উত্তেজনা ক্রমশ হ্রাস করার কথা বিস্তৃতভাবে বলা হয়েছে।
গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্র যেখানে ইউক্রেন যুদ্ধে অস্ত্র দিচ্ছে, সেখানে চীন এ সংকট উত্তরণে “সক্রিয়ভাবে শান্তি আলোচনা এবং সংকটের রাজনৈতিক সমাধান বাতলে দিচ্ছে।” তবে মঙ্গলবার বেইজিং তাদের এমন দাবি থেকে কিছুটা পিছিয়ে এসেছে।
