২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইটে নারীর শরীরে মূত্রত্যাগ: ক্রুদের কারণ দর্শাতে বলেছে এয়ার ইন্ডিয়া

ভারতের পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 11:12 PM

Updated : 07 Jan 2023, 11:12 PM

গত নভেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে এক পুরুষ যাত্রীর পাশে বসা নারী যাত্রীর প্রতি অভদ্র আচরণ কাণ্ড ঠিকমত সামাল দিতে না পারার কারণ ব্যাখ্যা করতে ওই ফ্লাইটের একজন পাইলট এবং চারজন কেবিন ক্রুকে কারণ দর্শাও নোটিস পাঠিয়েছে এয়ার ইন্ডিয়া।

তাদের আপাতত দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে বলেও জানান এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন। শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তারা গত ২৬ নভেম্বর ঘটা ওই ঘটনা তদন্ত করে দেখছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘‘এয়ার ইন্ডিয়া স্বীকার করছে যে, আকাশে এবং মাটিতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আরও ভালো ভাবে পরিচালনা করা যেত। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিচ্ছি।”

গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে এক ব্যক্তি তার পাশে বসা এক নারী যাত্রীর উপর মূত্রত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। তারা দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি এই কাণ্ড করে বলে অভিযোগ করেন তার পাশে বসা ৭০ বছর বয়সের এক নারী।

ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। ‍কারণ, তখন উড়োজাহাজটিতে অন্য কোনো আসন ফাঁকা ছিল না।

এ ঘটনা জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এয়ার ইন্ডিয়াকে একটি নোটিস দেয়। গত বৃহস্পতিবার সেই নোটিসের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।

অভিযুক্ত পুরুষ যাত্রীর নাম প্রকাশ না করে এয়ার ইন্ডিয়ার চিঠিতে বলা হয়, অশোভন আচরণ করায় ওই ব্যক্তি এক মাস এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চলাচল করতে পারবেন না। এছাড়া, এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

নোটিসের জবাবে এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, তদন্ত কমিটি প্রয়োজনীয়

কাগজপত্র হাতে পাওয়ায় প্রাথমিক শুনানি করেছে। আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে অভিযুক্ত ব্যক্তিকে আরও কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে।

গতমাসে প্যারিস থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে প্রায় একই ধরণের ঘটনা ঘটেছিল বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রধান নির্বাহী উইলসন শনিবার আরো বলেন, এয়ারলাইনের নীতি পর্যালোচনা এবং রিপোটিং প্রক্রিয়াসহ আরো বেশকিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এয়ার ইন্ডিয়া এ ধরণের ঘটনায় ভবিষ্যতে আরো উন্নত প্রতিক্রিয়া জানাবে।

অভিযুক্ত ওই পুরুষ যুক্তরাষ্ট্রের মাল্টিন্যাশনাল ব্যাংক ‘ওয়েলস ফার্গো ব্যাংকে’ কাজ করতেন। শুক্রবার ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করার খবর জানিয়েছে। বলেছে, তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এ বিষয়ে যাবতীয় সহযোগিতা করছে।

ভারতের পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে শনিবার দেশটির কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

এয়ার ইন্ডিয়া কৃর্তপক্ষও আইন প্রয়োগকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে বলে জানান উইলসন।