২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব-হুতি উত্তেজনা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের জন্য ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

সতর্কতার তালিকায় সৌদি আরব, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনকে রাখা হয়েছে।

সৌদি আরব-হুতি উত্তেজনা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের জন্য ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 09:23 PM

Updated : 20 Sep 2026, 09:41 PM

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।

এ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় সংঘাত যে কোনও মুহূর্তে আরও মারাত্মক রূপ নিতে পারে- এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন উপসাগরীয় অঞ্চলে অবস্থান করা এবং সেখানে ভ্রমণে যাওয়া মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

মার্কিন নাগরিকদেরকে পশ্চিম এশিয়া সফর ‘পুনর্বিবেচনা’ করা বা অবিলম্বে বাতিল করার বার্তা দিয়েছে ওয়াশিংটন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় এই সতর্কবার্তা দেয়।

নতুন ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে চলে যেতে পারে।

এর ফলে ওই অঞ্চলের আকাশসীমা আচমকা বন্ধ হয়ে যেতে পারে, ব্যাহত হতে পারে বিমান পরিষেবা। বাতিল হতে পারে একাধিক ফ্লাইট।

সতর্কতার আওতায় সৌদি আরব, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনকে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, কেবল পশ্চিম এশিয়াই নয়, এ অঞ্চলের বাইরে থাকা বিভিন্ন মার্কিন দূতাবাস, কূটনৈতিক দপ্তর এবং মার্কিন ব্যবসায়ী ও নাগরিকরাও ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হতে পারে।

সংঘাত হঠাৎ করেই বেড়ে যায় গত শনিবার। সেদিন সৌদি আরবের রাজধানী রিয়াদে ধেয়ে যাওয়া একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ইয়ানবু, তায়েফ, ফারাসান এবং বিশা-সহ একাধিক সৌদি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা।

যুক্তরাষ্ট্রের পারাষ্ট্রমন্ত্রণালয় উল্লেখ করেছে যে, হুতিরা সৌদি আরবের একাধিক বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করেও প্রাণঘাতী হামলা চালাচ্ছে।

তবে হুতি মুখপাত্র দাবি করেছেন, ইয়ানবুতে অবস্থিত সৌদি জ্বালানি কোম্পানি ‘আরামকো’-র তেল শোধনাগার এবং রিয়াদের একাধিক কৌশলগত কেন্দ্রই ছিল তাদের হামলার মূল লক্ষ্য।