১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুয়াতেমালায় প্রবল বৃষ্টিতে ঢল, শহর তলিয়ে ৬ জনের মৃত্যু

বৃষ্টিতে নদীর পানি বেড়ে গুয়াতেমালা সিটির অন্তত ৩ কিলোমিটার এলাকা প্লাবিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 11:06 AM

Updated : 14 Jan 2024, 11:06 AM

রাতভর টানা বৃষ্টির পর গুয়াতেমালার রাজধানীর ভেতর দিয়ে চলা লাস ভেকাস নদীর দুকূল ভেসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৩ জন।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা কনরেড সোমবার জানিয়েছে, বৃষ্টিতে নদীর পানি বেড়ে গুয়াতেমালা সিটির অন্তত ৩ কিলোমিটার এলাকা প্লাবিত হয়। বানের তোড়ে ছয়টি বাড়িও ভেসে যায়।

শহরের ফায়ার সার্ভিসের প্রধান সার্জিও কাবানাস বলেন, “এই মুহূর্তে আমরা ছয়টি মরদেহ পেয়েছি এবং সম্ভবত আরও খুঁজে পাব।”

নিহতদের মধ্যে একটি মেয়ে এবং প্রাপ্তবয়স্ক পাঁচজন রয়েছেন। মেয়েটির বয়স তিন থেকে পাঁচ বছর হতে পারে বলে কনরেড ফিল্ড টেকনিশিয়ান কেভিন এসকোবার সাংবাদিকদের জানিয়েছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই।

রোববার সন্ধ্যা থেকেই তুমুল বৃষ্টি হতে শুরু হয় গুয়াতেমালা সিটিতে। টানা বৃষ্টিতে রাতে লাস ভেকাস নদীর পানি ফুলেফেঁপে শহরের নিম্নাংশ তলিয়ে যায়। এবারের বর্ষার মৌসুমে বন্যায় এর আগে অন্তত ২৯ জনের প্রাণ গেছে গুয়াতেমালায়। সংবাদসূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)