২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক চোখের দৃষ্টিশক্তি হারালেন রুশদি, অকেজো একটি হাত

গত ১২ অগাস্ট নিউ ইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে ভাষণ দেওয়ার প্রাক্কালে রুশদির ওপর ছুরি হামলা হয়।

এক চোখের দৃষ্টিশক্তি হারালেন রুশদি, অকেজো একটি হাত

লেখক সালমান রুশদি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 06:27 PM

Updated : 25 Oct 2022, 12:53 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অগাস্টে ছুরি হামলার শিকার বুকারজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। তার প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি একথা জানিয়েছেন।

স্পেনের সংবাদপত্র এল পাইসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশদির বুকে আরও ১৫টির মতো জখম রয়েছে। তার ঘাড়ে তিনটি গুরুতর আঘাত ছিল। রুশদির এক হাত অকেজো হয়ে গেছে। কারণ, ছুরিকাঘাতে হাতটির নার্ভ কেটে যায়।

রুশদি এখনও হাসপাতালে আছেন কি-না, এ প্রশ্নের জবাবে ওয়াইলি বলেন, “তার অবস্থান সম্পর্কে আমি কোনও তথ্য জানাতে পারব না। তিনি যে বেঁচে আছেন, এটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার ওপর খুবই নির্মম হামলা চালানো হয়েছে।”

১৯৮৮ সালে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদির বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন তিনি। এ জন্য তাকে ১০ বছর আত্মগোপনেও থাকতে হয়েছে।

স্যাটানিক ভার্সেস উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মুসলিমদের কেউ কেউ মনে করেন। রুশদি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। গত ১২ অগাস্ট নিউ ইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে ভাষণ দেওয়ার প্রাক্কালে রুশদির ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় আটক সন্দেহভাজন হামলাকারী ২৪ বছর বয়সী হাদি মাতার মার্কিন নাগরিক। তবে রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি।

‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর রুশদিকে হত্যা করতে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি একটি ফতোয়া জারি করার প্রায় ৩৩ বছর পরে রুশদির ওপর এই হামলা হয়।