২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি পর্যটকদের ওপর কর প্রায় ৩ গুণ করছে নিউজিল্যান্ড

আগামী ১ অক্টোবর থেকে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’ কর ৩৫ নিউজিল্যান্ড ডলার থেকে প্রায় তিনগুণ বেড়ে দাঁড়াবে ১০০ নিউজিল্যান্ড ডলারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

বিদেশি পর্যটকদের নিউ জিল্যান্ডে প্রবেশের ওপর কর প্রায় ৩ গুণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

বিবিসি জানায়, আগামী ১ অক্টোবর থেকে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’ কর ৩৫ নিউজিল্যান্ড ডলার থেকে প্রায় তিনগুণ বেড়ে দাঁড়াবে ১০০ নিউজিল্যান্ড ডলারে।

সরকার বলছে, করের এই বৃদ্ধি নিউ জিল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে এবং পাবলিক সার্ভিসে দর্শণার্থীদের অবদান নিশ্চিত হওয়াসহ আরও কিছু বিষয়ের ক্ষেত্রেও সহায়ক হবে।

তবে নিউজিল্যান্ডের স্বাধীন পর্যটন শিল্প আওটেরোয়া বলছে, বাড়তি ফি পর্যটকদের জন্য একটি বাধা। এতে তাদের জন্য নিউ জিল্যান্ড ঘুরতে যাওয়া অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়বে।

নিউজিল্যান্ড মাওরি সংস্কৃতি এবং হিমবাহ, পাহাড়-পর্বত, আগ্নেয়গিরি ও হ্রদের মতো নানা দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত।

কিন্তু দেশটির অবস্থান দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হওয়ায় এবং এই দূর পথে পাড়ি দেওয়ার বিমান ভাড়া পর্যটকদের জন্য ঘুরতে যাওয়ার পথে প্রায়ই বাধা হয়ে দাঁড়ায়।

পর্যটন শিল্প আওটেরোয়ার প্রধান নির্বাহী রেবেকা ইনগ্রাম বলেছেন, “নিউজিল্যান্ডের পর্যটন খাত পুনরুদ্ধারের কাজ বাকি বিশ্বের তুলনায় পিছিয়ে পড়ছে। তার ওপর কর বাড়ানোর পদক্ষেপে পর্যটনখাতে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা আরও মার খাবে।”

নিউ জিল্যান্ড ২০১৯ সালে বিপুল সংখ্যক পর্যটক আগমনের প্রভাব সামলাতে প্রথম কর ব্যবস্থা চালু করেছিল।

এরপর করোনাভাইরাস মহামারীর সময় দেশটি আড়াইবছর সীমান্ত বন্ধ রেখেছিল। ২০২২ সালের অগাস্টের আগ পর্যন্ত দেশটিতে বিদেশি পর্যটকদের ঢুকতে দেওয়া হয়নি।

মহামারী পরবর্তী সময়ে নিউ জিল্যান্ড দেশটিতে আবার সেই আগের মতো পর্যটকদের ফেরানোর চেষ্টা করছে। কিন্তু পর্যটকের সংখ্যা এখনও মহামারীর আগের পর্যায়ে পৌঁছায়নি।

এমন পরিস্থিতিতে সরকারের নতুন কর বৃদ্ধি পরিকল্পনা পর্যটকদেরকে নিউজিল্যান্ড ভ্রমণে নিরুৎসাহিত করবে বলেই মনে করেন পর্যটনমন্ত্রী ম্যাট ডুসি।