১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেহরানে ইসরায়েলি হামলায় আলি লারিজানিকে নিশানা করার দাবি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ক্ষয়ক্ষতির মূল্যায়নের অপেক্ষায় রয়েছে।

তেহরানে ইসরায়েলি হামলায় আলি লারিজানিকে নিশানা করার দাবি
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 03:24 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে ইসরায়েল হামলার নিশানা করেছে বলে খবর হয়েছে।  

ইসরায়েলি সূত্রগুলোর বরাতে সিএনএন জানিয়েছে, সোমবার রাতে তেহরানে এক হামলায় লারিজানিকে নিশানা করা হয়। তবে এ হামলায় তার পরিণতি কী হয়েছে তা পরিষ্কার হয়নি।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফলাফলের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ক্ষয়ক্ষতির মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। এ থেকে তারা সিদ্ধান্ত নেবে লারিজানি নিহত হয়েছেন কি না। 

মঙ্গলবার সকালে আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির জানিয়েছেন, ওই হামলা থেকে ‘উল্লেখযোগ্য’ ফলাফল অর্জিত হয়েছে। 

জামির বলেছেন, “গত রাতে ইরানে উল্লেখযোগ্য অর্জন রেকর্ড করেছি আমরা।” 

আইডিএফ জানিয়েছে, সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায় তারা। এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।  

তবে এ হামলা চলাকালে তারা লারিজানিকে নিশানা করেছে, এমন কিছু জানায়নি। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, তেহরানের হামলায় লারিজানিকে নিশানা করা হয়।

পরিস্থিতি মূল্যায়ন করে দেওয়া এক বিবৃতিতে জামির বলেছেন, “(ইরানের) সামরিক সক্ষমতা ও শিল্প উৎপাদন ক্ষমতার চলমান ক্ষয়ক্ষতি ও বিনাশের পাশাপাশি আমরা রেভল্যুশনারি গার্ড ও শাসকগোষ্ঠীর দমনযন্ত্রের উপদানগুলোর বিরুদ্ধেও কাজ করছি।” 

ইসরায়েলি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, এর কিছুদিন আগে ইসরায়েল পৃথক এক হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিন ইসলামিক জিহাদের এক জ্যেষ্ঠ নেতাকে নিশানা করেছিল।