মন্ত্রিসভায় ট্রাম্প-মনোনীতদের নিয়ে বিতর্ক ছড়াচ্ছে, উঠছে অসদাচরণের অভিযোগ
ট্রাম্পের নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত সদস্য চুলচেরা বিচার-বিশ্লেষণের মুখে পড়েছেন।
ভোটে জিতে চার বছর পর ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলা ডনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার জন্য মনোনীতদের নিয়ে এরই মধ্যে বিতর্ক ছড়াচ্ছে। নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত সদস্য চুলচেরা বিচার-বিশ্লেষণের মুখে পড়েছেন।কারও কারও বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও উঠছে।
ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেছেন। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। আবার ট্রাম্প যাকে অ্যাটর্নি জেনারেল করছেন, সেই ম্যাট গেটজও যৌন নিপীড়নের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছিলেন।
তাছাড়া, নতুন প্রশাসনে ট্রাম্প স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন, তিনি কোভিডের সময় টিকাবিরোধী হিসেবে পরিচিতি পাওয়ার কারণে তাকে নিয়েও তুমুল সমালোচনা হচ্ছে।
জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার মনোনীত প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত করতে সেনেটের অনুমোদন দরকার হবে। সেনেট এবার রিপাবলিকানদের দখলেই থাকছে। তারপরও নতুন মন্ত্রিসভার এই প্রার্থীরা দ্বিদলীয় শুনানিতে নানা প্রশ্নের মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার পুলিশ জানিয়েছে, পেন্টাগনের জন্য মনোনীত প্রার্থী পিট হেগসেথ ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় যৌন হয়রানির একটি অভিযোগে তদন্তের মুখে ছিলেন।
আফগানিস্তান ও ইরাক যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনা হেগসেথ ফক্স নিউজের উপস্থাপক। তাকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি ভুল কোনওকিছু করার কথাও অস্বীকার করেছেন।
ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, “হেগসেথ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।”
বিবিসি-র মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, হেগসেথ তার বাহুতে সাদা-শ্রেষ্ঠত্ববাদী বাক্য লেখা একটি ট্যাটু আঁকিয়েছেন- এমন ধারণার বশবর্তী হয়ে তার সহ-সামরিক সদস্যরা একসময় তাকে ‘অভ্যন্তরীন হুমকি’ হিসেবে চিহ্নিত করেছিলেন।
সিবিএস নিউজকে অবসরপ্রাপ্ত মাস্টার সার্জেন্ট ডেরিকো গেইথার বলেছেন, তিনি ট্যাটুটি দেখেছিলেন। চরমপন্থি নানা গোষ্ঠীর সঙ্গে এই ট্যাটুর সম্পৃক্ততা ছিল।’ তবে হেগসেথ এমন অভিযোগ অস্বীকার করেছেন।
হেগসেথের পক্ষ সমর্থনের চেষ্টা করেছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হেগসেথের ট্যাটুতে লেখা ল্যাটিন বাক্যটি কেবল একটি খ্রিস্টান স্লোগান বলে বর্ণনা করেছেন তিনি।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রথম এই ট্যাটুর খবর প্রকাশ করেছিল।সেকারণে ভ্যান্স এপি’র বিরুদ্ধে ‘জঘন্য খ্রিস্টান-বিরোধী সাম্প্রদায়িকতার’ অভিযোগও করেছেন।
হেগসেথকে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসিতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। চলতি বছর প্রকাশিত একটি বইয়ে হেগসেথ বলেছেন,তার ট্যাটুর কারণেই তাকে ওই দায়িত্ব দেওয়া হয়নি।
ট্রাম্প মনোনীত নতুন অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটজও কংগ্রেস সদস্য থাকার সময়ে অসদাচরণ করার অভিযোগের মুখে পড়েছেন।
বৃহস্পতিবার গেটজকে মার্কিন বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিনিধি পরিষদে ফ্লোরিডার কংগ্রেস সদস্যপদ থেকে পদত্যাগ করেন গেটজ।
পদত্যাগ করায় গেটজের বিরুদ্ধে নানা অভিযোগের কংগ্রেসীয় তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়া থমকে গেল। তার বিরুদ্ধে যৌন অসদাচরণ, অবৈধ মাদকের ব্যবহার এবং নির্বাচনি প্রচার তহবিলের অপব্যবহার সম্পর্কিত অভিযোগ আছে।
টিকাবিরোধী হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকা নিয়ে সংশয় প্রকাশ করে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন।
তার নিয়োগে বিশ্বব্যাপী ভ্যাকসিন নির্মাতা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম শুক্রবার ব্যাপকভাবে পড়ে গেছে।
আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের প্রধান জর্জ বেনজামিন বিবিসি-কে বলেছেন, টিকা নিয়ে কেনেডির সমালোচনা ‘দেশের স্বাস্থ্যখাতের বিশাল ক্ষতি’ করেছে। কেনেডি এ পদের জন্য সম্পূর্ণ ভুল মানুষ।
ট্রাম্প নিজে এখনও তার মনোনীতদের নিয়ে এইসব সমালোচনার বিষয়ে সরাসরি কিছু বলেননি। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) পরিচালক এবং অর্থমন্ত্রী পদের জন্য প্রার্থী এখনও মনোনীত হয়নি।নতুন প্রশাসনের জন্য নিয়োগ নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প।
