১৪৫ কোটি মানুষের দেশ ভারত কেন আরও সন্তান চায়
দক্ষিণ ভারতের দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা ইদানিং বেশি সন্তান নেওয়ার পক্ষে সরব হয়েছেন।
ভারতে একসময় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন, ‘আমরা দুই, আমাদের দুই’ (হাম দো, হামারে দো..)। তাতেও ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে পেছনে ফেলেছে চীনকে।
জাতিসংঘের হিসাবমতে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়েছে ভারত। দেশটির জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি।
এ পরিস্থিতিতে ভারতে আরও সন্তান নেওয়ার মতো কথাবার্তা উঠবে না- এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু অবাক করা বিষয় হল, বিপুল জনসংখ্যার এই দেশে হঠাৎ করেই আরও বেশি সন্তান নেওয়ার ডাক শোনা যাচ্ছে ।
দক্ষিণ ভারতের দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা ইদানিং বেশি সন্তান নেওয়ার পক্ষে সরব হয়েছেন।
‘ছোট পরিবার, সুখী পরিবার’ স্লোগানটি রাজনীতির মেরুকরণে হিতে বিপরীত হওয়ার কারণেই এখন ঘরে ঘরে বেশি সন্তান জন্মদানের ডাক দিচ্ছেন দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী।
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমেই বাড়ছে বুড়ো-বুড়িদের সংখ্যা। তা নিয়ে চিন্তায় পড়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এ সমস্যা মোকাবেলা করতেই মানুষকে তার বার্তা, “যত বেশি সম্ভব সন্তান জন্ম দিন। যাতে আগামী দিনে অল্প বয়সীদের সংখ্য়া আরও বেশি করে বাড়ে।”
প্রজনন হার বাড়াতে অন্ধ্রপ্রদেশ রীতিমতো প্রণোদনা দেওয়ার কথা ভাবছে। স্থানীয় কর্তৃপক্ষ নির্বাচনে ‘দুই সন্তান নীতি’ বাদ দিয়েছে রাজ্যটি।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু বলেছেন, “রাজ্য সরকার এমন একটি আইন করার কথা ভাবছে, যে আইন অনুযায়ী, কেবলমাত্র তারাই স্থানীয় প্রশাসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন,যাদের দুইয়ের বেশি সন্তান থাকবে।”
নাইডুর চেয়ে কয়েক ধাপ এগিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সম্প্রতি নবদম্পতিদের ১৬টি সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এক পুরনো তামিল প্রবাদের উল্লেখ করে '১৬টি করে সন্তান নেওয়ার' কথা বলেন স্ট্যালিন।
তামিলনাড়ুতে নবদম্পতিদের '১৬ ধরনের সম্পদ নিয়ে সুখে শান্তিতে থাকার' আশীর্বাদ করে থাকেন পরিবারের প্রবীণরা। সে প্রসঙ্গ টেনেই স্ট্যালিন বলেন, “এই আশীর্বাদের আক্ষরিক অর্থ ১৬টি সন্তান নেওয়া নয়। তবে বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সত্যি সত্যি ১৬টি সন্তান নিতে বলব।”
বিবিসি জানায়, গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছে, শিগগিরই ভারতের তেলেঙ্গানা রাজ্যও সন্তান জন্মহার বাড়ানোর পদক্ষেপ নিতে পারে।
ভারতে প্রজনন হার ক্রমাগত কমতে দেখা যাচ্ছে। ১৯৫০ সালে নারী প্রতি সন্তান জন্মদানের হার ৫ দশমিক ৭ ছিল। আর বর্তমানে নারীদের প্রজনন হার কমে দুইয়ে নেমে এসেছে।
ভারতের ২৯ রাজ্য ও অঞ্চলের মধ্যে ১৭টি-তেই প্রজনন হার এতে নিচে নেমে গেছে (প্রজনন হার ২ এর কম) যে, তা অব্যাহত থাকলে জনসংখ্যা আর স্থিতিশীল থাকবে না। ভারতে একজন নারীর দুটি সন্তান জন্মদানকে স্থিতিশীল প্রজনন হার বলে বিবেচনা করা হয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় পাঁচ রাজ্য দেশের জনসংখ্যাগত পরিবর্তনে ভূমিকা রাখে। স্থিতিশীল প্রজনন হার ধরে রাখতে এই পাঁচ রাজ্য অন্য রাজ্যগুলোর চেয়ে এগিয়ে আছে।
কেরালা ১৯৮৮ সালে, তামিল নাড়ু ১৯৯৩ সালে এবং বাকি রাজ্যগুলো ২০০০ থেকে ২০১০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে স্থিতিশীল প্রজনন হারের মাইলফলকে পৌঁছেছিল।
দক্ষিণ ভারতের পাঁচ রাজ্যে সন্তান উৎপাদনের হার ইতিমধ্যে কমে ১ দশমিক ৬ শতাংশে নেমে গেছে, যা জাতীয় গড় ২ দশমিক ১ এর তুলনায় অনেকটাই কম।
কর্ণাটকে প্রজনন হার ১ দশমিক ৬ এবং তামিলনাড়ুতে প্রজনন হার ১ দশমিক ৪। অর্থাৎ, এসব রাজ্যের প্রজনন হার ইউরোপের অনেক দেশের প্রজনন হারের সমান কিংবা কম। এ অবস্থা লাগাতার চলতে থাকলে দেখা যাবে ২০৪৭ সালের মধ্যে এসব রাজ্যে প্রবীণদের সংখ্যাই বেশি হবে।
রাজ্যগুলোর কর্তৃপক্ষের আশঙ্কা, দেশের বিভিন্ন রাজ্যে জনসংখ্যায় পার্থক্য থাকার কারণে নির্বাচনে প্রতিনিধিত্ব নির্ধারণ এবং কেন্দ্রীয় রাজস্ব বণ্টনে তা বড় ধরনের প্রভাব ফেলবে।
ভারত ২০২৬ সালে প্রথম নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) করার প্রস্তুতি নিচ্ছে। এটি দক্ষিণের রাজ্যগুলোর জন্য আরও বড় উদ্বেগের কারণ।
জনগণনা এবং লোকসভা-বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাস কমিটি জনসংখ্যার নিরিখে আগামী দিনে আসন সংখ্যা পুনর্গঠন করবে। সে কারণেই দক্ষিণের রাজ্যগুলোর রাজনীতিতে নেতাদের জন্মহার নিয়ে এই ভোলবদল।
জনসংখ্যা পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করা হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণী রাজ্যগুলোতে সংসদীয় আসনসংখ্যা কমে যেতে পারে। আর কেন্দ্রীয় রাজস্ব বরাদ্দ দেওয়া হতে পারে রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে।
ফলে রাজ্যগুলোর আশঙ্কা, এতে তাদের আর্থিক সংকট বেড়ে যেতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও কমতে পারে।
জনসংখ্যাবিষয়ক বিশ্লেষক কে এস জেমস এবং শুভ্রা কৃতীর মতে, নতুন করে নির্বাচনী সীমানা নির্ধারণ করা হলে উত্তর প্রদেশ এবং বিহারের মতো উত্তরাঞ্চলীয় জনবহুল রাজ্যগুলোর আসন আরও বাড়তে পারে।
ওদিকে, তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে আসন কমতে পারে। এর মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিনিধিত্বও বদলে যাবে।
সবচেয়ে খারাপ প্রভাব পড়বে কেরালায়। বর্তমানের ২০টি সংসদীয় আসন থেকে সেখানে একটি কমে যেতে পারে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও আসন কমতে পারে।
ভারতের সংবিধানের ৮১ ধারা অনুযায়ী, লোকসভার মোট সদস্য সংখ্যা সর্বাধিক ৫৪৫ হতে পারে। তবে আগামীতে এই ধারা বদলে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য তিনি এও বলেছেন, আর্থিক ও সংসদীয় আসন বরাদ্দে পরিবর্তন আনার ক্ষেত্রে তাড়াহুড়া করা হবে না।
জনসংখ্যাবিষয়ক অধ্যাপক শ্রীনিবাস গলি বিবিসি-কে বলেন,“জনসংখ্যাবিদ হিসেবে আমি মনে করি, এসব বিষয় নিয়ে রাজ্যগুলোর অতিমাত্রায় উদ্বিগ্ন হওয়া উচিত নয়।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে এর সমাধান করা সম্ভব। আমার উদ্বেগ অন্য জায়গায়।’
জনসংখ্যাবিদদের মতে, মূল চ্যালেঞ্জ হচ্ছে- প্রজনন হার কমে যাওয়ায় দ্রুতগতিতে বার্ধক্যের হার বেড়ে যাওয়া। অধ্যাপক গলি বলেন,ফ্রান্স ও সুইডেনে বুড়ো মানুষের সংখ্যা ৭ শতাংশ থেকে ১৪ শতাংশ হতে যথাক্রমে ১২০ ও ৮০ বছর লেগেছে। আর ভারতের এই মাইলফলকে পৌঁছতে লাগবে আনুমানিক মাত্র ২৮ বছর।
দ্রুত বার্ধক্যের হার বেড়ে যাওয়ার সঙ্গে প্রজনন হার কমার সম্পর্ক আছে। বেশির ভাগ দেশে উন্নত জীবনযাত্রা মান, শিক্ষা এবং নগরায়ণের কারণে শিশুদের বেঁচে থাকার হারের উন্নতি হওয়ার কারণে প্রজনন হার কমে যায়।
কিন্তু ভারতে মাঝারি ধরনের আর্থসামাজিক অগ্রগতির মধ্যেও প্রজনন হার দ্রুত কমছে। পরিবারকল্যাণ কর্মসূচির আওতায় প্রণোদনা দিয়ে ছোট পরিবারকে উৎসাহিত করার কারণে এমনটি হয়েছে।
এর পরিণতিতে কী হয়েছে? উদাহরণস্বরূপ, অন্ধ্রপ্রদেশে জন্মহার ১ দশমিক ৫, যা সুইডেনের সমান। কিন্তু এই রাজ্যের মানুষের মাথাপিছু আয় সুইডেনের চেয়ে ২৮ গুণ কম। এই প্রেক্ষাপটে জনসংখ্যাবিদ শ্রীনিবাস গোলির প্রশ্ন- “বাড়তে থাকা ঋণ এবং সীমিত সম্পদ নিয়ে কী এসব রাজ্য দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার জন্য উচ্চতর পেনশন বা সামাজিক নিরাপত্তা দিতে পারবে?”
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ৪০ শতাংশ বুড়োই (৬০ বছরের বেশি বয়সী) গরিব শ্রেণির। গোলি বলেন, ‘অন্য কথায় বলতে গেলে, ভারত ধনী হওয়ার আগেই বুড়ো হয়ে যাচ্ছে।’
কম সন্তান থাকার মানে হল, বুড়োবয়সী মানুষের নির্ভরশীলতার অনুপাত বাড়ছে। এই বুড়োরা তাদের সেবাযত্ন করার জন্য কাউকে পাচ্ছে না। জনসংখ্যাবিদরা সতর্ক করে বলেছেন, ভারতের স্বাস্থ্যসেবা, কমিউনিটি সেন্টার এবং বৃদ্ধাশ্রমগুলো এই পরিবর্তনের জন্য প্রস্তুত নয়।
