ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তিন মিনিট দীর্ঘ একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট ছেলেকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার ছক নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও প্রচারের ঘটনায় সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ‘সিক্রেট সার্ভিস’।
সংস্থাটির মুখপাত্র নেট হেরিং মঙ্গলবার এক ইমেইলে জানান, সিক্রেট সার্ভিসের নিরাপত্তাবেষ্টনীতে থাকা ব্যক্তিদের প্রতি যে কোনও সম্ভাব্য হুমকি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখেন।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত রয়েছে এবং আমাদের সুরক্ষায় থাকা ব্যক্তিদের ওপর হুমকি হিসেবে বিবেচিত হতে পারে, এমন যে কোনও বিষয় আমরা তদন্ত করে দেখি। তবে কার্যক্রমের নিরাপত্তার স্বার্থে আমরা গোয়েন্দা নজরদারির বিষয়ে বিস্তারিত আলোচনা করি না।”
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তিন মিনিট দীর্ঘ ওই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
ভিডিওটিতে দাবি করা হয়, ব্যারনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে এবং তাকে হত্যার জন্য ১ কোটি মার্কিন ডলার বাউন্টি বা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা প্রায় ছয় মাসের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চরম বৈরি সম্পর্ক ও বাকযুদ্ধ অব্যাহত রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে চায় বলে গত এক বছরে একাধিকবার ইসরায়েলের কাছ থেকে আগাম সতর্কবার্তা পেয়েছিল যুক্তরাষ্ট্র।
এমনকি তুরস্কে এয়ার ফোর্স ওয়ান বিমান নিয়ে ভুয়া ফ্লাইট বা সাজানো কৌশলগত পদক্ষেপ নেওয়ার আগেও যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছিল ইসরায়েলি গোয়েন্দারা।
এসব ঘটনার উল্লেখ করে ট্রাম্প নিজেও একবার বলেছিলেন, “তিনি ইরানের হত্যা-তালিকার এক নম্বর টার্গেট।”
