পশ্চিম তীরে ১৯ নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল
ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব করেছেন।
অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো এবং ইহুদি বসতি সম্প্রসারণের অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব করেছেন। তবে আন্তর্জাতিক আইনের আওতায় পশ্চিম তীরে ইসরায়েলের এই বসতি স্থাপন অবৈধ।
সৌদি আরব এই পদক্ষেপের নিন্দা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের অবিরাম বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে। ফিলিস্তিনিদের ভূমি দখল হয়ে যাচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।
২০২৩ সালে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। এখন সেখানে ইহুদি বসতি আরও সম্প্রসারণ হতে থাকায় ইসরায়েলের দখলদারিত্ব বিস্তৃত হওয়া এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশঙ্কা বাড়ছে।
২০২২ সালে ক্ষমতায় আসার পর বর্তমান ইসরায়েল সরকার পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সর্বশেষ সেখানে ১৯ টি নতুন বসতি স্থাপন অনুমোদন পাওয়ায় গত তিন বছরে অনুমোদিত মোট বসতির সংখ্যা দাঁড়াল ৬৯টিতে।
নতুন বসতিগুলো অনুমোদন পেয়েছে জেনিম ও কাদিমে। ২০ বছর আগে এই এলাকা দুটিতে বসতি ভেঙে ফেলা হয়েছিল। সেখানেই আবার নতুন করে বসতি গড়ে তোলা হচ্ছে এবার।
জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ ২০১৭ সালের পর এখন সর্বোচ্চ পর্যায়ে বলে জানানোর কয়েকদিন পর ইসরায়েলের এই পদক্ষেপ এল।
গত মে মাসে ইসরায়েল পশ্চিম তীরে ২২ টি নতুন বসতি অনুমোদন করেছিল। সেটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বসতি সম্প্রসারণ।
ইসরায়েল সরকার অগাস্টেও ৩ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ অনুমোদন করেছিল ইওয়ান প্রজেক্টের আওতায়। জেরুজালেম এবং মালে আদুমিম বসতির মাঝে এই বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল।
