২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেলোসির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিল চীন

যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পেলোসির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিল চীন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 06:28 PM

Updated : 05 Aug 2022, 06:28 PM

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে চীন।

পেলোসির তাইওয়ান সফরের জবাবে শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “চীনের গুরুতর উদ্বেগ এবং কড়া আপত্তির পরও পেলোসি তাইওয়ান সফর করেছেন। এর মধ্য দিয়ে তিনি চীনের অভ্যন্তরীন বিষয়ে মারাত্মকভাবে হস্তক্ষেপ করেছেন, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করেছেন, এক চীন নীতিকে পায়ে দলেছেন এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছেন।

“পেলোসির এই বেপরোয়া উস্কানির জবাবে চীন তিনি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। পিপলস রিপাবলিক অব চায়নার সংশ্লিষ্ট আইনানুযায়ীই এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে,” বলা হয়েছে বিবৃতিতে।

তবে এ নিষেধাজ্ঞা কী ধরনের হবে সে ব্যাপারে বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

পেলোসির তাইওয়ান সফরের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আগেই সতর্ক করেছিলেন। কয়েকবছরে ধরেই তাইওয়ান, বিশ্ব অর্থনীতি এবং ইউক্রেইনে রাশিয়ার আগ্রসনের মতো বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে।

গত মাসে এক ফোনকলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরও গত মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন ন্যান্সি পেলোসি। তার এই সফরের কড়া প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

পেলোসির আগে গত এপ্রিলে ৬ মার্কিন আইনপ্রণেতা তাইওয়ান সফর করেছিলেন। চীন সরকার তখনও এর প্রতিবাদ জানিয়েছিল। তবে পেলোসির সফরের বিরুদ্ধে চীন লক্ষ্যনীয়ভাবে অনেক বেশি কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে।

কারণ, গত ২৫ বছরের মধ্যে পেলোসিই তাইওয়ান সফরে যাওয়া সবচেয়ে ঊর্ধবতন মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তাইওয়ানে যাওয়ার আগে থেকেই চীন ক্ষোভ প্রকাশ করে এসেছে। পেলোসি তাইওয়ানে পৌঁছার আগেই চীন বেইজিংয়ে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এর প্রতিবাদ জানায়।