চীনের কাছ থেকে শিগগিরই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাচ্ছে ইরান
কয়েক সপ্তাহের মধ্যেই ৬ থেকে ৭ কোটি ডলারের চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি মানব বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে চীনের কাছ থেকে।
ইরান কয়েক সপ্তাহের মধ্যেই চীনে তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম চালান পেতে পারে। ক্ষেপণাস্ত্র চুক্তি সম্পর্কে ওয়াকিবহাল তিন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠনের চেষ্টার মধ্যে ইরানের এই অস্ত্র কেনা সবচেয়ে বড় উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে।
চুক্তির মূল্য ৬০ থেকে ৭০ মিলিয়ন (৬ থেকে ৭ কোটি ডলার) ডলার। এই চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি মানব বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) কিনবে ইরান। এর মধ্যে চীনের তৈরি কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ ক্ষেপণাস্ত্রও রয়েছে।
হংকংভিত্তিক প্রতিষ্ঠান ঝংছিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট- এর সঙ্গে এই চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি ইরান ও চীনা সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
কয়েক মাস যুদ্ধের পর অস্ত্রভান্ডার পুনর্গঠন করতে চায় ইরান:
অস্ত্র ক্রয়ের বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্ররা নিজেদের নাম প্রকাশ করেনি। বিষয়টি সম্পর্কে জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারাও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এ সংক্রান্ত প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত অবসানে ভূমিকা রেখে এসেছে।”
হংকংভিত্তিক ঝংছিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মূল প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক ঝং কিং বাও শাং গ্রুপ এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের পাঠানো ই-মেইলের জবাব দেয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাঁচ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানোর পর এখন ইরানের নতুন করে অস্ত্র সংগ্রহ করা প্রয়োজন হয়ে পড়েছে।
ইরান তাদের ওপর হওয় হামলার জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। এই যুদ্ধ উন্নত যুদ্ধবিমান ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের বিরুদ্ধে সামরিক ও কৌশলগত স্থাপনা রক্ষার কঠিন চ্যালেঞ্জকে সামনে এনেছে।
যুক্তরাষ্ট্র গতসপ্তাহে শনিবার আকস্মিকভাবে ইরানে দুই সপ্তাহব্যাপী বোমা হামলা স্থগিত করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা হবে।
এই পরিস্থিতিতে শত শত মানব বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) পেলে ইরানের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি চীনের সঙ্গে ইরানের সামরিক সম্পর্ক আরও গভীর হবে।
সূত্রগুলো অবশ্য জানিয়েছে যে, চুক্তি সই হলেও সরবরাহের সময়সূচি, পরিমাণ এবং চুক্তি বাস্তবায়নের অন্যান্য বিষয় এখনও পরিবর্তিত হতে পারে।
সূত্রগুলো আরও জানায়, উভয় পক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় পশ্চিম চীনের উরুমচি থেকে আকাশপথে এসব অস্ত্র পাঠানো হবে। এরপর তা পাকিস্তানের ভূখণ্ড হয়ে ইরানে পৌঁছাবে। তবে এসব অস্ত্র পাকিস্তান থেকে ইরানে আকাশপথে নাকি সড়কপথে যাবে তা স্পষ্ট করে জানায়নি সূত্রগুলো।
তবে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ বলেছে, “চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহে পাকিস্তানের জড়িত থাকার যে জল্পনা রয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনও জবাব দেননি।
ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য স্থলপথ নিয়ে ইরান-চীন আলোচনা:
গত দুই দশক ধরে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডার ব্যবস্থায় ব্যাপক বিনিয়োগ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
কারণ, এগুলো দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, ছোট দল দিয়ে পরিচালনা করা যায় এবং ঘন ঘন স্থান পরিবর্তন করা যায। ফলে এগুলো স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় কম ঝুঁকিপূর্ণ।
এক ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তার দেশের কর্তৃপক্ষ ইরানের কাছে কিউডব্লিউ সিরিজের ম্যানপ্যাডস বিক্রির সম্ভাবনা নিয়ে কয়েকটি চুক্তির আলোচনা সম্পর্কে জানে, যার মধ্যে আছে কিউডব্লিউ-১২, কিউডব্লিউ-১৮ এবং কিউডব্লিউ-১৯ ব্যবস্থাও।
পশ্চিম এশিয়ার একজন দ্বিতীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরান কিউডব্লিউ-১২ এবং কিউডব্লিউ-১৮ ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছিল। তবে এরই মধ্যে কোনও চুক্তি সম্পন্ন হয়েছে কিনা তা তারা জানেন না।
কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ কাঁধে বহনযোগ্য, ইনফ্রারেড নির্দেশনানির্ভর মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা নিচু দিয়ে ওড়া বিমান, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে।
এগুলোর সহজে বহনযোগ্য হওয়ার কারণে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত মোতায়েন করা যায়।
দুই পশ্চিমা গোয়েন্দা সূত্র এবং একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, চীনের সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহার উপযোগী যন্ত্রাংশ আরও গোপনে পরিবহন করা এবং সরবরাহে বিঘ্ন কমাতে ইরান স্থলপথ ব্যবহারের বিষয়টিও বিবেচনা করেছে।
