ইরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল
ইসরায়েলে তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়ে এক নারী নিহত ও আরও ২৭ জন আহত হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, রোববার তারা আবার ইরানে আরেক পশলা বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এদিন সকালে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই তাদের সবচেয়ে বড় আক্রমণের মধ্য দিয়ে প্রতিশোধ নেবে।
শনিবার সকালে ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে একযোগে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে, এ হামলা চালাতে তারা ২০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে আর এটি তাদের বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।
এদিন তেহরানে নিজ কম্পাউন্ডে ইসরায়েলি-মার্কিন যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বেোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি(৮৬)। এ হামলায় খামেনির কন্যা, কন্যার স্বামী ও সন্তানও নিহত হন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তেহরানে মার্কিন–ইসরায়েলি আক্রমণে খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি নিহত হয়েছে।
ইসলামী বিপ্লবী রক্ষা বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপৌরও নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার ঘটনাকে ‘একটি মহা অপরাধ’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, খামেনি হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন পেজেশকিয়ান।
বিবৃতিতে বলা হয়েছে, “এই মহা অপরাধের জবাব দেওয়া হবে। এটা ইসলামী বিশ্ব ও শিয়া মতবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমাদের শীর্ষ নেতার পবিত্র রক্ত এক গর্জনময় ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদী নিপীড়ন ও অপরাধকে নির্মূল করবে।”
শনিবারের হামলার জবাবে ওই দিনই ইরান ইসরায়েলের বিভিন্ন শহর ও ওয়াশিংটনের মিত্র আরব দেশগুলোতে থাকা মার্কিন সেনাদের অবস্থানগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।
রয়টার্স জানায়, রোববার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র দুবাই ও কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পেন্টাগন জানিয়েছে, ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কারও মৃত্যু বা কেউ আহত হয়নি।
রোববার ভোররাতে ইসরায়েলজুড়ে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারলেও দেশটির তেল আবিব শহরে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের একটি আবাসিক ব্লকে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে এক নারী নিহত ও আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন।
