২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুশ বিশ্ব’ ধারণার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি পুতিনের

‘রুশ বিশ্ব’ মতবাদের ভিত্তিতে নতুন এক পররাষ্ট্রনীতি পরিকল্পনা অনুমোদন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘রুশ বিশ্ব’ ধারণার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি পুতিনের

ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 12:28 AM

Updated : 07 Sep 2022, 01:41 AM

ইউক্রেইন যুদ্ধ ঘিরে পশ্চিমাদের সঙ্গে বৈরি সম্পর্কের মধ্যে একটি ‘রুশ বিশ্ব’র ধারণার ভিত্তিতে নতুন এক পররাষ্ট্রনীতি পরিকল্পনা অনুমোদন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার অনুমোদন পাওয়া এই নীতিতে বলা হয়েছে, রাশিয়ার উচিত স্লাভিক দেশগুলো, চীন এবং ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা।

এছাড়া, ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে যুদ্ধের পর মস্কো থেকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া আবখাজিয়া ও ওসেটিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাসহ পূর্ব ইউক্রেইনে দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের সঙ্গেও সম্পর্ক জোরদার করা উচিত বলে উল্লেখ করা হয়েছে পুতিনের নতুন নীতিতে।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের ছয় মাসেরও বেশি সময় পর পুতিনের ৩১ পৃষ্ঠার এই পররাষ্ট্রনীতি পরিকল্পনা প্রকাশিত হল, যাকে বলা হচ্ছে ‘মানবহিতৈষী নীতি’। এতে বলা হয়েছে, রুশ বিশ্বের ঐতিহ্য ও আদর্শ এগিয়ে নেওয়া এবং এর সুরক্ষা নিশ্চিত করবে রাশিয়া।

এই রুশ বিশ্বের ধারণা আদতে এক রক্ষণশীল মতাদর্শ। রক্ষণশীল মতাদর্শীরা এই ধারণাকে রুশভাষীদের সমর্থন দিতে অন্য দেশে হস্তক্ষেপ করার যৌক্তিকতা নিরূপণে ব্যবহার করে থাকেন। যেমন: ইউক্রেইনের কিছু কিছু স্থানে রুশভাষী মানুষ আছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইস্টার্ন ব্লকের বেশ কিছু দেশ ইউএসএসআর থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন হয়েছে। কিন্তু সেসব দেশের প্রায় ২ কোটি ৫০ লাখ জাতিগত রুশ রাশিয়ার বাইরেই থেকে গেছে।

পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনকে ভূরাজনৈতিক বিপর্যয় বলে মনে করেন এবং রুশভাষী ওই নাগরিকদের ভাগ্যবিড়ম্বনার শিকার হিসাবেই দেখেন। বাল্টিক থেকে মধ্য এশিয়া পর্যন্ত সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো মস্কোর প্রভাব বলয়ের মধ্যে থাকাটাকেও তিনি বৈধ বলে মনে করেন।

রাশিয়া তাদের নতুন পররাষ্ট্রনীতি পরিকল্পনাকে মানবহিতৈষী হিসাবে একটি সদয় ও নমনীয় ক্ষমতা কৌশল হিসাবে তুলে ধরলেও এতে মূলত রুশ রাজনীতি ও ধর্ম ঘিরে সরকারি নীতির ধারণাগুলোই ঠাঁই পেয়েছে।

যেসব ধারণাকে কট্টরপন্থিদের কেউ কেউ ইউক্রেইনের কিছু অংশে রাশিয়ার দখলদারিত্ব এবং পূর্ব ইউক্রেইনে রুশভাষী বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে সমর্থনের ন্যায্যতা দিতে ব্যবহার করেছেন।

পুতিনের এই পররাষ্ট্রনীতিতে আরও বলা হয়েছে, রাশিয়া ফেডারেশন বিদেশে বাস করা রুশ নাগরিকদের অধিকার রক্ষায় সমর্থন দেবে। তাদের স্বার্থ ও রুশ সাংস্কৃতিক পরিচয়ের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

তাছাড়া, প্রবাসী রুশ নাগরিকদের সঙ্গে এই সম্পর্ক আন্তর্জাতিক মঞ্চে বহু-মেরু বিশ্ব গড়ে তুলতে সংগ্রাম করে যাওয়া একটি গণতান্ত্রিক দেশ হিসাবে রাশিয়ার ভাবমূর্তিও উজ্জ্বল করবে।