চীনের ফিশিং ট্রলার উল্টে নিখোঁজ ৯, তল্লাশি অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ট্রলারটি উল্টে যায়।
কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের কাছে সাগরে চীনের একটি মাছ ধরা ট্রলার উল্টে নয় ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন, এমন খবরের পর তল্লাশি অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড।
সোমবার দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের এক কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানান, জলযানটিতে ১১ জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেটি দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় উল্টে যায় বলে খবর পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় শহর গুনসান থেকে তিনি জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডের চারটি জাহাজ ও একটি উদ্ধারকারী হেলিকপ্টারসহ তিনটি আকাশযান মোতয়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকা দিয়ে যেতে থাকা একটি জাহাজ উল্টে যাওয়া ট্রলারটির দুই ক্রুকে উদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে।
