দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রুশ সেনারা, স্বীকার করল কিইভ
শিল্পাঞ্চলের আরও ভেতরে রুশ বাহিনী অগ্রসর হলে তা ইউক্রেইনের যোদ্ধাদের মনোবলে জোর ধাক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
রুশ সামরিক বাহিনী পূর্বাঞ্চলের শিল্পসমৃদ্ধ অঞ্চল দিনিপ্রোপেত্রোভস্কে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে স্বীকার করে নিয়েছে ইউক্রেইনের সেনারা।
“দিনিপ্রোপেত্রোভস্কে এটাই প্রথম বড় ধরনের আক্রমণ,” বিবিসিকে এমনটাই বলেছেন দিনিপ্রো অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপের সদস্য ভিক্টর ত্রেহুবভ।
আপাতত রুশ বাহিনীর অগ্রগতি থামানো গেছে, বলেছেন তিনি।
রাশিয়া অবশ্য গ্রীষ্মের শুরু থেকেই অঞ্চলটিতে প্রবেশের দাবি করে যাচ্ছে। মস্কোর বাহিনী দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেইনের আরও গভীরে ঢোকার চেষ্টা অব্যাহত রেখেছে।
জুনের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন, তাদের সেনারা দিনিপ্রোপেত্রোভস্ক দখলে অভিযান শুরু করেছে। যদিও তারা এখন পর্যন্ত কেবল অঞ্চলটির সীমান্তই অতিক্রম করতে পেরেছে বলে ইউক্রেইনের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।
দিনিপ্রোপেত্রোভস্কের ভেতরে রুশ বাহিনী অগ্রসর হলে তা ইউক্রেইনের যোদ্ধাদের মনোবলে জোর ধাক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার ইউক্রেইনের ডিপস্টেটের দেওয়া মানচিত্রে দিনিপ্রোপেত্রোভস্কের দুটি গ্রাম জাপোরিজকে ও নভোহ্রিহোরিভকা এখন রুশ বাহিনীর দখলে রয়েছে বলে ধারণা দেওয়া হয়েছে।
তবে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গ্রাম দুটির দখল পুরোপুরি হারানোর কথা অস্বীকার করে বলছে, তাদের সামরিক বাহিনী এখনো জাপোরিজকের ‘দখল ধরে রেখেছে এবং নভোহ্রিহোরিভকায় যুদ্ধ চলছে।
মস্কো ইউক্রেইনের যেসব ভূমি দখলে রাখতে চায় তার মধ্যে দিনিপ্রোপেত্রোভস্ক না থাকলেও রুশ সেনারা ইউক্রেইনের প্রায় সব বড় শহরেই নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এসব শহরের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের রাজধানী দিনিপ্রো-ও রয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাশিয়া ইউক্রেইনের যেসব জায়গায় হামলা চালিয়েছে তার মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের পার্শ্ববর্তী পল্টোভার জ্বালানি খাত সংশ্লিষ্ট স্থাপনাও ছিল।
যুদ্ধের আগে দিনিপ্রোপেত্রোভস্কে ৩০ লাখের বেশি মানুষ বাস করতো। এটি ছিল দনবাসের পর ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল।
দোনেৎস্ক আর লুহানস্ককে একত্রে দনবাস অঞ্চল বলা হতো। এখন এর সিংহভাগই রুশ সেনাদের দখলে রয়েছে।
ইউক্রেইনের ভূমি দখলে রুশ সেনাদের অগ্রগতি বেশ শ্লথ এবং প্রাণহানি বিপুল হলেও সাম্প্রতিক সময়ে তারা দোনেৎস্কে ব্যাপক সফলতা পেয়েছে।
চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার ছোট একটি পদাতিক দল আচমকা আক্রমণে দোবরোপিলিয়ার কাছে ইউক্রেইনের প্রতিরক্ষারেখা ভেঙে প্রায় ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল। তবে এরপর তাদের অগ্রগতি থামানো হয়েছে।
সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক হয়েছে, সেখানে পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেইন যদি দোনেৎস্কের যে অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে আছে তা মস্কোর হাতে তুলে দেয় তাহলে তিনি তার ‘বিশেষ সামরিক অভিযানে’ ইতি টানবেন।
তবে অনেক ইউক্রেইনীয় বিশ্বাস করেন, রুশ প্রেসিডেন্টের অন্য পরিকল্পনা রয়েছে।
জুনে কিইভের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্নেল পাভলো পালিসা যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সতর্ক করে বলেছিলেন, ক্রেমলিন আদতে দিনিপ্রো নদীর পূর্ব পাশের পুরোটা দখল করে ইউক্রেইনকে দুই ভাগে ভাগ করতে চায়।
