১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাইফুন রাগাসা: চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে সরানো হয়েছে প্রায় ১৯ লাখ মানুষকে

চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা সুপার টাইফুন রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে অভিহিত করছেন।

টাইফুন রাগাসা: চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে সরানো হয়েছে প্রায় ১৯ লাখ মানুষকে
টাইফুন রাগাসার তাণ্ডবে চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে গাড়ির উপর উপড়ে পরা একটি গাছ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সুপার টাইফুন রাগাসা এগিয়ে আসার আগে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকাগুলো থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

ভূমিধসের আশঙ্কায় গুয়াংডংয়ের পার্বত্য অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সম্ভব হলে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে; জানিয়েছে বিবিসি। 

চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা টাইফুন রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে অভিহিত করছেন। এই প্রবল টাইফুনের সঙ্গে আসা জলীয়বাষ্প মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে বলে ধারণা তাদের। তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে টাইফুনগুলোর তীব্রতা আরও বেড়েছে। 

পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। তারা সাইরেন বাজাচ্ছে ও লোকজনকে বাড়িতে থাকার জন্য সতর্ক করছে। 

বিবিসি লিখেছে, যা স্পষ্ট তা হল এই ধরনের চরম আবহাওয়ার জন্য চীনের প্রস্তুতি। 

এলাকাগুলোর পাহারাদাররা সব জায়গায় ঘুরে ঘুরে বুধবারের জন্য রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে বলছে। নিচু এলাকাগুলোর পাশাপাশি ১০তলার বেশি উঁচু ভবনগুলো থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।    

রাগাসা একটি পাঁচ মাত্রার হারিকেনের সমান শক্তি নিয়ে এগিয়ে এলেও চীনের উপকূলের কাছাকাছি এসে কিছুটা দুর্বল হয়েছে। তারপরও এখন এটি প্রবল শক্তি নিয়েই এগোচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটিকে চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। 

এর তাণ্ডব ও প্রভাবে ইতোমধ্যে ফিলিপিন্সে একজন এবং তাইওয়ানে একটি কৃত্রিম হ্রাদের পানি উপচে সৃষ্ট হড়কা বানে ১৪ জনের মৃত্যু হয়েছে ও ১৫২ জন নিখোঁজ রয়েছেন। হংকংয়ের অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। 

রাগাসার কারণে চীনের গুয়াংডং, হংকং ও তাইওয়ানের কিছু অংশসহ পুরো অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আগামী কয়েকদিন এর প্রভাব বজায় থাকতে পারে।   

আরও পড়ুন: 

হংকংয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসাতাইওয়ানে ১৪ মৃত্যু