নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানকে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ার দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান যদি তাদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচী পুনর্নির্মাণ ফের শুরু করে তাহলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দিতে পারে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ার দেন মার্কিন প্রেসিডেন্ট; জানিয়েছে রয়টার্স।
এ সময় হামাসকে সতর্ক করে তিনি বলেন, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠীটি নিরস্ত্র না হলে মারাত্মক পরিণতি ভোগ করবে।
ট্রাম্প ধারণা প্রকাশ করে বলেন, জুনে যুক্তরাষ্ট্র ব্যাপক আঘাত হানার পর তেহরান সম্ভবত তাদের অস্ত্র কর্মসূচী পুনরুদ্ধার করতে কাজ করছে।
ট্রাম্প বলেন, “আমি পড়ছি যে তারা অস্ত্র ও অন্যান্য জিনিসগুলো তৈরি করছে, আর যদি তা হয়, তাহলে আমরা যে স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছি সেগুলো ব্যবহার করছে না তারা, সম্ভবত ভিন্ন স্থাপনা।
“আমরা ঠিক জানি তারা কোথায় যাচ্ছে, তারা কী করছে। আমি আশা করবো তারা এটা করবে না, কারণ আমরা একটি বি-২ এর পেছনে জ্বালানি অপচয় করতে চাই না। আসতে-যেতে উভয়দিকে এটি ৩৭ ঘণ্টার একটি যাত্রা। আমি এতো জ্বালানি অপচয় করতে চাই না।”
ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে আলাপে তার মধ্যস্থতায় হওয়া গাজার ভঙ্গুর শান্তি চুক্তি এগিয়ে নেওয়া, ইরান ঘিরে ইসরায়েলের উদ্বেগ এবং লেবাননের হিজবুল্লাহর বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিন ধরে যুদ্ধ করা ইরান গত সপ্তাহে জানিয়েছিল, তারা চলতি মাসে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে।
নেতানিয়াহু গত সপ্তাহে জানিয়েছিলেন, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘর্ষ চায় না, কিন্তু তারা এসব প্রতিবেদনের বিষয়ে সজাগ আছে। আর জানান, তিনি ট্রাম্পের কাছে তেহরানের তৎপরতার বিষয়গুলো তুলে ধরবেন।
