২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনপন্থি ওয়াই-ফাই নাম, রাশিয়ায় শিক্ষার্থীর ১০ বছরের কারাদণ্ড

ওই শিক্ষার্থীকে ‘জনসম্মুখে নাৎসি প্রতীক প্রদর্শনের’ অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত।

ইউক্রেইনপন্থি ওয়াই-ফাই নাম, রাশিয়ায় শিক্ষার্থীর ১০ বছরের কারাদণ্ড

ক্রেমলিন, মস্কো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 01:10 PM

Updated : 10 Mar 2024, 01:09 PM

নিজের ওয়াই-ফাই নেটওয়ার্কের ইউক্রেইনপন্থি নাম রাখায় মস্কো স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিবিসি জানায়, মস্কোর একটি আদালত গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী সংগঠনের প্রতীক’ প্রদর্শনের অভিযোগে দোষীসাব্যস্ত করে।

ওই শিক্ষার্থীর ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম ছিল ‘স্লাভা ইউক্রেইন’; যার অর্থ ‘ইউক্রেইনের মহিমা’। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে পূর্ণ আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত হাজারের বেশি রুশ নাগরিক ইউক্রেইনের সমর্থন অথবা সেখানে রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনা করার কারণে কারাদণ্ড পেয়েছেন বা জরিমানার শিকার হয়েছেন। 

বৃহস্পতিবার দোষীসাব্যস্ত হওয়া শিক্ষার্থীকে আগের দিন সকালে মস্কো থেকে গ্রেপ্তার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা তার ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। 

আদালতের নথি অনুযায়ী, পুলিশ কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের হলে ওই শিক্ষার্থীর কক্ষে যায় এবং তার ব্যক্তিগত কম্পিউটার এবং ওয়াই-ফাই রাউটার খুঁজে পায়। 

আদালতের রায়ে বলা হয়, ওই শিক্ষার্থী নিজের নেটওয়ার্ক ব্যবহার করে ‘ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে থাকা অসংখ্য ব্যবহারকারীর মাঝে ‘স্লাভা ইউক্রেইন’ স্লোগানের প্রচার’ চালিয়েছে।  তাই ওই শিক্ষার্থীকে ‘জনসম্মুখে নাৎসি প্রতীক প্রদর্শনের’ অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। তার রাউটারটি বাজেয়াপ্ত করা হয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ইউক্রেইনে একটি ‘নব্য-নাৎসি শাসনের’ উত্থান হওয়ার ভিত্তিহীন দাবি করে দেশটিতে রাশিয়ার আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।