দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় উদ্ধারকারীসহ নিহত ৫
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় এক শহরের একটি ভবনে ইসরায়েলের পরপর দুটি হামলায় তিন উদ্ধারকারীসহ পাঁচজন নিহত হয়েছে।
মঙ্গলবারের এই ঘটনায় প্রথম হামলার পর আহতদের উদ্ধার করতে গিয়ে দ্বিতীয় হামলার শিকার হন উদ্ধারকারীরা, জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের সিভিল ডিফেন্সের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, মাজদাল জোউন শহরের ওই ভবনে ইসরায়েলের দ্বিতীয় হামলার পর ওই তিন উদ্ধারকারী আহত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন, পরে তাদের মৃত্যু হয়।
লেবানন সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের দ্বিতীয় হামলায় তাদের দুই সেনা আহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এ হামলার বিষয়ে মন্তব্যের জন্য তাদের জানানো অনুরোধের ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের এসব হামলার নিন্দা করে বলেছেন, “এ হামলা ইসরায়েলের দ্বারা সংঘটিত একটি নতুন ও নির্লজ্জ যুদ্ধাপরাধ।”
জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত মাসে বলেছে, লেবাননে স্বাস্থ্যকর্মীসহ বেসামরিকদের ওপর ইসরায়েলের বিমান হামলা যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদার (৪৪) নিহত হয়েছে। এই ঠিকাদার আইতারুন এলাকায় ভারি মেশিনপত্র দিয়ে ঘরবাড়ি ধ্বংস করার সময় একটি বিস্ফোরক ভরা ফাস্র্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন সরাসরি তার এক্সক্যাভেটরে আঘাত হানে, যেটি সেই চালাচ্ছিল। এ সময় একই কোম্পানিতে চাকরি করা তার ১৯ বছর বয়সী ছেলেও আহত হয়।
এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে, আইতারুন এলাকায় ঘরবাড়ি ভাঙায় রত একটি ইসরায়েলি বুলডোজারকে ড্রোনের লক্ষ্যবস্তু করেছে তারা।
এ দিন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এফপিভি ড্রোনযোগে অনেকগুলো হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনা অবস্থানের কাছাকাছি অনেকগুলো ড্রোন বিস্ফোরিত হয়েছে আর এসব বিস্ফোরণের একটিতে এক সেনা আহত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ২ মার্চ ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যুদ্ধে যোগ দেয় লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এরপর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় নারী ও শিশুসহ আড়াই হাজারেরও বেশি লেবাননি নিহত হয়েছে।
নিহতদের মধ্যে শতাধিক স্বাস্থ্যকর্মী, ২৭০ জনের বেশি নারী ও ১৭০ জনেরও বেশি শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বর্তমানে দুই পক্ষের মধ্যে চলা যুদ্ধবিরতিতে বিস্তৃত সংঘাত কমে এলেও দক্ষিণ লেবাননে সহিংসতা অব্যাহত আছে।
