ভারতীয় জাহাজে ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান: ট্রাম্প
তেহরানের দাবি, ভারতীয় জাহাজগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনা থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ট্রাম্প এই কাল্পনিক অভিযোগ তুলছেন।
হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান, অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। তিনি এই ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
শুক্রবার নিজের সামাজিম মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, “গত রাতে হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজগুলোর ওপর তাদের (ইরানের) ড্রোন হামলা পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে। (এ ধরনের হামলা) কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
চলতি সপ্তাহে ওমান উপকূলে পালাউর পতাকাবাহী একটি তেল ট্যাংকারে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়। একই উপকূলে আরও দুটি জাহাজে হামলায় হয় যেগুলোতে ভারতীয় নাবিক ছিল। এই পরিস্থিতিতে এবার ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার চেষ্টার অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, ভারতীয় জাহাজগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনা থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ট্রাম্প এই কাল্পনিক অভিযোগ তুলছেন।
অন্যদিকে, ভারত হরমুজ অঞ্চলে জাহাজগুলোতে হওয়া হামলাগুলোকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে এ ধরনের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ করার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় শুরু হওয়া যুদ্ধ শুরু হয়। তারপর থেকে বিশ্বের তেল-গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে তেল-গ্যাসের সংকট দেখা দেওয়ার বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালির প্রবেশ মুখে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এ অবরোধে ফলে ইরানের উপকূলীয় হরমুজ প্রণালি অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
