পশ্চিম তীরে সংঘর্ষে ২ ফিলিস্তিনি, ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত
নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র চাওয়া ফিলিস্তিনিদের অন্যতম ভূখণ্ড পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বাড়তে দেখা যাচ্ছে।
দখলকৃত পশ্চিম তীরের সীমানার কাছে সংঘর্ষে ইসরায়েলি সেনারা ২ ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।
বুধবারের এই সংঘর্ষে ইসরায়েলের এক সেনা কর্মকর্তাও নিহত হয়েছে বলে তাদের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র চাওয়া ফিলিস্তিনিদের অন্যতম ভূখণ্ড পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বাড়তে দেখা যাচ্ছে। পশ্চিম তীরের শহরগুলোর বিভিন্ন সড়কে একের পর এক প্রাণঘাতী হামলার পর ইসরায়েল সেখানে তাদের অভিযানের মাত্রাও বাড়িয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, বুধবার ভোরের আগে তাদের সেনারা জেনিনের কাছে পশ্চিম তীরের সীমানা সংশ্লিষ্ট একটি ইসরায়েলি আত্মরক্ষামূলক বেড়ার দিকে অগ্রসর হতে থাকা ২ ব্যক্তির গতিরোধ করে।
পরে ওই ২ ব্যক্তির গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়, অন্য সেনারা গুলি চালিয়ে তাদের দুইজনকে হত্যা করে, বলেছেন ওই মুখপাত্র।
ফিলিস্তিনিদের শহর জেনিনে এখন প্রায় রাতেই বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটতে দেখা যাচ্ছে।
সশস্ত্র ফিলিস্তিনি সংগঠনগুলোর একটি জোট জেনিন ব্রিগেড দাবি করেছে, নিহত ২ বন্দুকধারী তাদের সদস্য এবং তারা এক ইসরায়েলি সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।
ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত আলোচনা ২০১৪ সাল থেকেই থমকে আছে।
তারপর থেকে ইসরায়েলে সঙ্গে অন্তর্বর্তী চুক্তির অধীনে সীমিত ক্ষমতা নিয়ে পশ্চিম তীর শাসন করে আসছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) । কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে তাদের বিশ্বাসযোগ্যতা দিন দিন কমতে দেখছে তারা।
ইসরায়েল জেনিনের মতো বন্দুকধারীদের হটস্পটগুলোতে অভিযান চালাতে পিএ-র প্রতি আহ্বান জানিয়ে আসছে।
অন্যদিকে পিএ-র কর্মকর্তারা পশ্চিম তীরে তাদের শাসনকে দুর্বল করার জন্য ইসরায়েলকেই দায় দিয়ে আসছে।
