ইউক্রেইনের বিরুদ্ধে রুশ সেনাদের বিষ প্রয়োগের অভিযোগ
রাশিয়ার বেশ কয়েকজন সেনা গত ৩১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তাদের দেহে ‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ বিষের উপস্থিতি শনাক্ত হয়।
ইউক্রেইনের বিরুদ্ধে সেখানে অভিযানে অংশ নেওয়া কয়েকজন রুশ সেনাকে বিষ প্রয়োগের অভিযোগ তুলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বলা হয়, ইউক্রেইনের দক্ষিণপূর্বের অঞ্চল জাপোরিঝঝিয়ায় অভিযান চালানোর সময় গত জুলাই মাসের শেষ দিকে রুশ সেনাদের বিষ প্রয়োগ করা হয়। জাপোরিঝজিয়ার অনেকটাই এখন রাশিয়ার দখলে।
বিবৃতিতে আরো বলা হয়, গত ৩১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর রাশিয়ার বেশ কয়েকজন সেনাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তাদের দেহে ‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ বিষের উপস্থিতি শনাক্ত হয়।
‘‘ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনামলে রাসায়নিক সন্ত্রাসবাদের যে অনুমোদন দেওয়া হয়েছে তার সপক্ষে রাশিয়া বিশ্লেষণের ফলাফলসহ সব ধরনের প্রমাণ প্রস্তুত করছে।”
ওই দিন রাশিয়ার কতজন সেনা অসুস্থ হয়ে পড়েছিল বা কত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তারা কী অবস্থায় আছেন সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ‘সপক্ষে প্রমাণ’ বলতে বিবৃতিতে কী বোঝানো হয়েছে সেটারও ব্যাখ্যা দেওয়া হয়নি বলে খবর রয়টার্সের।
রাশিয়ার এই অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এ এক পোস্টে ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেন, তারা বিষপ্রয়োগের যে অভিযোগ তুলেছে সেটার কারণ হতে পারে রুশ সেনাদের মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ার ফল।
রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। কিন্তু সেখান থেকে সাড়া পাওয়া যায়নি।
উপদেষ্টা অ্যান্টন গেরাশশেঙ্কো লেখেন, ‘‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা পরিষ্কার করে বলেনি যে মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খেয়ে তারা ওই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন কিনা। ওই ধরনের খাবারে হরহামেশাই বোটুলিনাম পাওয়া যায়। ইউক্রেইনে আক্রমণের প্রথম দিন থেকেই দখলদার বাহিনী থেকে মেয়াদোত্তীর্ণ রেশনের বিষয়ে ব্যাপকভাবে অভিযোগ করা হয়েছে।”
‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ হলো একটি নিউরোটক্সিন। দূষিত খাদ্যে এটা থাকতে পারে এবং ওই খাবার খেলে বোটুলিজম হতে পারে। যদিও এর চিকিৎসা প্রয়োজনজনিত ব্যবহারও আছে।
