২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ চলার সময় ইরাকেও বোমা ফেলেছিল সৌদি আরব

সৌদি যুদ্ধবিমানগুলো গত ৭ এপ্রিলের কাছাকাছি সময়ে ইরাকের ভেতরে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের আস্তানায় হামলা চালায়।

ইরান যুদ্ধ চলার সময় ইরাকেও বোমা ফেলেছিল সৌদি আরব
সৌদি আরবের যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 12:47 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় কেবল ইরানেই গোপন হামলা নয় বরং ইরাকেও জঙ্গিবিমান থেকে বোমা হামলা চালিয়েছিল সৌদি আরব।

এই হামলা চালানো হয় ইরাকের অভ্যন্তরে ইরান-সমর্থিত প্রভাবশালী শিয়া মিলিশিয়াদের ওপর। সৌদি আরবের পাশাপাশি কুয়েতও ইরাকে হামলা চালায়। আবার ইরাক থেকেও পাল্টা হামলা হয়েছিল বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।

উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের এই হামলা এবং পাল্টা হামলাগুলো ছিল বৃহত্তর যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ, যা মূলত এতদিন গোপনই থেকে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এসব হামলার কথা যারা জানিয়েছেন, তাদের মধ্যে আছেন- তিন ইরাকি নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা, এক পশ্চিমা কর্মকর্তা, এবং এই বিষয়ে ব্রিফিং পেয়েছেন এমন দুইজন, যাদের একজন মার্কিন কর্মকর্তা।

দুই কর্মকর্তা জানিয়েছেন, সৌদি বিমান বাহিনীর জঙ্গিবিমানগুলো মূলত ইরাকের দক্ষিণ অংশে, বিশেষ করে সৌদি আরবের উত্তর সীমান্তের কাছে বোমা হামলা চালিয়েছিল। এই হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আগে গত ৭ এপ্রিলের কাছাকাছি সময়ে চালানো হয়।

মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরাকের ভেতর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল। এর জবাবেই সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সামরিক মূল্যায়ন তুলে ধরে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত থেকে ইরাকে অন্তত দুইবার রকেট হামলা হয়েছে। এক দফা হামলা হয় এপ্রিলে দক্ষিণ ইরাকের মিলিশিয়া অবস্থানে। এতে কয়েকজন যোদ্ধা নিহত হওয়া ছাড়াও ইরান সমর্থিত মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহর ব্যবহৃত একটি যোগাযোগ ও ড্রোন পরিচালনা স্থাপনা ধ্বংস হয়।

তবে ওই রকেট কুয়েতের সশস্ত্র বাহিনী ছুড়েছিল, নাকি দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা ছুড়েছিল সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। ওদিকে, কুয়েতের তথ্যমন্ত্রণালয় এবং ইরাক সরকারের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা উত্তেজনা প্রশমন, আত্মসংযম বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশলিতা, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য উত্তেজনা কমানোর চেষ্টা নিয়েছিলেন। কিন্তু ইরাকে সৌদি আরবের বিমান হামলার বিষয়টি তিনি উল্লেখ করেননি।

এর আগে দুই পশ্চিমা কর্মকর্তা এবং দুই ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে থাকার সময় হমলার প্রতিশোধ নিতে সৌদি আরব ঘোষণা ছাড়াই বেশ কয়েকবার ইরানে ‘গোপন হামলা’ চালায়।

ইরানি ভূখণ্ডে রিয়াদের সরাসরি সামরিক অভিযানের এটিই প্রথম প্রকাশ্য খবর। সৌদি বিমানবাহিনী মার্চের শেষ দিকে এসব হামলা চালায়। তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।