২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বৃষ্টিতে ভাসছে চীনের উত্তরাঞ্চল, ভূমিধসে ৪ মৃত্যু, নিখোঁজ ৮

চীনের উইচ্যাট অ্যাপে ছড়িয়ে পড়া ছবিতে মিয়ুনের কিছু অংশে জলমগ্ন সড়কে গাড়ি ও ট্রাককে ভাসতে দেখা গেছে; কোথাও কোথাও আবাসিক ভবনের অংশবিশেষও তলিয়ে গেছে।

ভারি বৃষ্টিতে ভাসছে চীনের উত্তরাঞ্চল, ভূমিধসে ৪ মৃত্যু, নিখোঁজ ৮
হেবেই প্রদেশের বাওডিংয়ের ই কাউন্টিতে ভারি বৃষ্টির পর কাদা সরাচ্ছেন এক লোক। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 02:14 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চীনের রাজধানী বেইজিং ও এর আশপাশের প্রদেশগুলোতে বৃষ্টির তীব্রতা বেড়েছে; উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে, আরও ৮ জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে।

দুর্যোগ ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেশটির কর্তৃপক্ষ সামনের কয়েকদিন কিছু এলাকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কও করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বেইজিংয়ের মিয়ুন এলাকার উপকণ্ঠে লাগাতার ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যেই কর্তৃপক্ষ ৪ হাজার ৪০০ জনের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের উইচ্যাট অ্যাপে ছড়িয়ে পড়া ছবিতে মিয়ুনের কিছু অংশে জলমগ্ন সড়কে গাড়ি ও ট্রাককে ভাসতে দেখা গেছে; কোথাও কোথাও আবাসিক ভবনের অংশবিশেষও তলিয়ে গেছে।

ওই এলাকায় ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বাস করছেন, বলেছে সিসিটিভি।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের উত্তরাঞ্চলে নজিরবিহীন বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এতে বেইজিংসহ ঘনবসতিপূর্ণ অনেক শহর মারাত্মক বন্যাঝুঁকির মুখে পড়ছে। অনেক বিজ্ঞানী-ই তুলনামূলক শুষ্ক এই অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার দায় বৈশ্বিক উষ্ণায়নকে দিচ্ছেন।

চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা আগামী তিনদিন উত্তর চীনে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। সোমবার বেইজিং তাদের বন্যা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।

প্রবল বৃষ্টি যেসব ঝড়ের কারণে হচ্ছে, সেগুলো পূর্ব এশিয়ার মৌসুমী বায়ুর প্রভাবে চীনে দেখা দেওয়া বিস্তৃত প্রাকৃতিক দুর্যোগের অংশ, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির গতিশীলতায় ব্যাঘাত ঘটাচ্ছে।

বৃষ্টিতে মিয়ুন জলাধারের কাছে অবস্থিত শিচেং শহরের শিওয়ানঝি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সোমবার গ্রামটির আরও ১০০ বাসিন্দাকে স্থানান্তরিত করে একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।   

এর আগে রোববারই বেইজিংয়ের কর্তৃপক্ষ মিয়ুন জলাধারে প্রবাহিত বন্যার পানির সর্বোচ্চ মাত্রা রেকর্ড প্রতি সেকেন্ডে ৬ হাজার ৫৫০ ঘনমিটারে পৌঁছানোর কথা জানিয়েছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ভিডিওতে পার্শ্ববর্তী শানসি প্রদেশের জলমগ্ন অনেক সড়কে প্রবল স্রোত দেখা গেছে। তলিয়ে গেছে ফসলের জমিসহ অনেক ক্ষেতখামার ও গাছ।

চীনের ঐতিহাসিক শহর শিয়ানে এই শানসিতেই অবস্থিত। সোমবার এই প্রদেশেও হঠাৎ বন্যার আশঙ্কায় দুর্যোগ সতর্কতা জারি হয়েছে।  

বেইজিংয়ের পিংগু জেলায় দুটি বিপজ্জনক সড়কের অংশবিশেষ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দাতোংয়ে বন্যার মধ্যে গাড়ি চালানোর সময় যোগাযোগবিচ্ছিন্ন এক চালকসহ নিখোঁজদের সন্ধানে বিভিন্ন শহরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, লিখেছে পিপলস ডেইলি। 

ছোট ও মাঝারি নদী উপচে পড়া এবং পাহাড়ি ঢলের আশঙ্কায় চীনের পানি সম্পদ মন্ত্রণালয় বেইজিং ও আশপাশের হেবেইসহ ১১টি প্রদেশ ও অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে।

রোববার সকালে সিসিটিভি হেবেই প্রদেশে দুইজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ বলে জানিয়েছিল। রাতভর বাওডিংয়ের শিল্পাঞ্চলীয় শহর ফুপিংয়ে প্রতি ঘণ্টায় ১৪৫ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড হয়েছে।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) সোমবার জানিয়েছে, তারা হেবেইয়ের জন্য তড়িঘড়ি ৫ কোটি ইউয়ান (প্রায় ৭০ লাখ ডলার) সহায়তা যোগাড় করছে।

দুর্যোগাক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু, পানি ব্যবস্থাপনার বাঁধ, স্কুল ও হাসপাতাল মেরামতে এই তহবিল ব্যবহার করা হবে।

“যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবন ও উৎপাদন আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে,” বলেছে এনডিআরসি।

অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা চীনের পুরোনো বন্যা প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় কর্তৃপক্ষকে এসব দুর্যোগের দিকে নিবিড় নজর রাখতে হচ্ছে; এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে দেশটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে, ২৮ লাখ কোটি ডলারের কৃষি খাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।