২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলল নয়া দিল্লি

কানাডার অভিযোগ, হরদীপ সিং নিজ্জার নামের ওই শিখ নেতা খুনে নয়াদিল্লির হাত ছিল।

নিউজ ডেস্ক

Published : 22 Jan 2024, 02:53 AM

Updated : 22 Jan 2024, 02:53 AM

কানাডায় থাকা ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নয়া দিল্লি সরকার। গত জুনে কানাডায় এক শিখ নেতা খুনের জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনায় বেড়ে যাওয়া উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা।

কানাডার অভিযোগ, হরদীপ সিং নিজ্জার নামের ওই শিখ নেতা খুনে নয়াদিল্লির হাত ছিল। কানাডা খুনের ঘটনার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ পাওয়া এবং তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে।

ওদিকে, ভারত কানাডার অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি বলেছে, কানাডা দীর্ঘদিন ধরেই ভারতের নিরাপত্তায় হুমকি হয়ে থাকা ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থিদের’ আশ্রয় দিয়ে আসছে।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যকার কয়েকমাসের টানাপড়েনের সম্পর্ক যে কোনো সময়ের তুলনায় এখন তলানিতে গিয়ে ঠেকেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, কানাডায় ভারত-বিদ্বেষী কার্যকলাপ, রাজনৈতিক বিদ্বেষপ্রসূত অপরাধ এবং সহিংসতা বাড়তে থাকার কথা মাথায় রেখে তারা নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ভারতীয় কূটনীতিক এবং ভারত-বিরোধী প্রচারের বিরুদ্ধে সোচ্চার ভারতীয়রা হুমকির মুখে আছেন। এধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিংবা ঘটতে পারে- এমন অঞ্চল ও এলাকাগুলোতে ভ্রমণ না করার জন্য ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে।” সংবাদ সূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)