২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা

আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র এবং সার্জারি বিভাগ ধ্বংস হয়েছে হামলায়। হামাস এ খবর জানায়।

গাজায় হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা
গাজায় ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 11:54 AM

Updated : 26 Aug 2026, 12:29 PM

গাজা সিটির প্রধান হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় সেখানকার নিবিড় পরিচর্যাকেন্দ্র এবং সার্জারি বিভাগ ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস এ তথ্য জানিয়েছে।

আল আহলি ব্যাপটিস্ট হাসপাতাল ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন এবং ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে। হাসপাতালের বেডে থাকা কিছু রোগীকে দ্রুত অন্য স্থানে সরিয়ে নিতেও দেখা যায় ভিডিওতে।

স্থানীয় এক সাংবাদিক বলেছেন, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হাসপাতালের এক চিকিৎসককে ফোন করে তাৎক্ষণিকভাবে ভবন খালি করার সতর্কবার্তা দিয়েছিল। চলে যাওয়ার জন্য মাত্র ২০ মিনিট সময় দেওয়া হয়েছিল।

হামাস ইসরায়েলের এই বিমান হামলাকে ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়েছে। সিভিল এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হতাহতের ঘটনার কোনও খবর পাওয়া যায়নি।

স্যোশাল মিডিয়ায় পোস্ট হওয়া ফুটেজে  হাসপাতালের কর্মী ও রোগীদেরকে বাইরে অন্ধকারের মধ্যেই অন্য জায়গায় সরে যেতে দেখা গেছে। হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়ে থাকা নারী ও শিশুদেরকেও পালাতে দেখা যায় ফুটেজে।

গাজায় যুদ্ধের আগে আল-আহলি ছিল একটি ছোট্ট হাসপাতাল। এখন গাজা সিটিতে এখনও সচল থাকা একমাত্র হাসপাতাল ছিল এটিই। বিশেষ করে উত্তর গাজার বড় আল শিফা হাসপাতাল ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়ার পর থেকে আল-আহলিতেই কাজ চলছিল।

এক বিবৃতিতে হামাস পরিচালিত সরকারের মেডিয়া অফিস হামলার নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েল আল-আহলি হাসপাতালকে হামলার নিশানা করে ভয়াবহ অপরাধ করছে। হাসপাতালটিতে আছে শত শত রোগী এবং চিকিৎসা কর্মী।

২০২৩ সালের অক্টোবরে একই হাসপাতালে হামলায় শত শত মানুষ মারা গিয়েছিল। ফিলিস্তিনি কর্মকর্তারা হাসপাতালে বিস্ফোরণের জন্য ইসরায়েলের বিমান হামলাকে দায়ী করেছিল। তবে ইসরায়েলের ভাষ্য ছিল, ফিলিস্তিনের ইসলামিক জিহাদের রকেট হামলা ব্যর্থ হওয়াতেই ওই বিস্ফোরণ ঘটে। তবে ইসলামিক জিহাদ এ অভিযোগ অস্বীকার করে।

গাজায় এবছর জানুয়ারিতে হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার ভূখণ্ডটিতে হামাসের বিরুদ্ধে হামলা শুরু করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার এক ঘোষণায় গাজার বেশিরভাগ এলাকাজুড়ে হামলা ‘জোরেশোরে’ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তার ওই ঘোষণার পর গাজার হাসপাতালে হামলার এ খবর এল।