২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র কারখানায় আঘাত হানার দাবি রাশিয়ার

দেশটির দাবি, ইউক্রেইনের ওই কারখানাগুলো রক্ষার জন্য মোতায়েন করা পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র কারখানায় আঘাত হানার দাবি রাশিয়ার
ইউক্রেইনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি মহাকাশ রকেট কারখানায় এর আগেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 01:58 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জুলাইয়ে তাদের বাহিনীগুলো ইউক্রেইনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা, অস্ত্র নকশা বিভাগ এবং রকেট জ্বালানি উৎপাদন প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হেনেছে।  

বৃহস্পতিবার মন্ত্রণালয়টি জানায়, রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের দিনিপ্রোপেত্রোভস্ক ও সুমি অঞ্চলের ওই কারখানাগুলো রক্ষার জন্য মোতায়েন করা পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও ফায়ার কন্ট্রোল রাডারও ধ্বংস করেছে।  

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “রাশিয়া ফেডারেশনের অনেক ভেতরে হামলা চালানোর জন্য পশ্চিমা অংশীদারদের সঙ্গে নিয়ে কিইভ শাসকদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি উদ্যোগ ব্যর্থ করে দেওয়া হয়েছে।”  

একইদিন রাশিয়ার ভলগোগ্রাদের গর্ভনর আন্দ্রে বোচারভ জানিয়েছেন, তার এলাকায় হামলা চালানোর জন্য পাঠানো ইউক্রেইনীয় ড্রোনগুলো ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ আঘাতে একটি তেল পরিশোধনাগারে আগুন ধরে গেছে।  

টেলিগ্রামে তিনি বলেন, “দমকল কর্মীরা আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

তেল শোধনাগারটির স্বত্ত্বাধিকারী লুকঅয়েল হামলার ঘটনাটি নিয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা স্টিস্টেমগুলো রাতে ৪৪টি ইউক্রেইনীয় ড্রোন ধ্বংস করেছে, এগুলোর মধ্যে নয়টি ছিল ভলগোগ্রাদ অঞ্চলে।  

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাইয়ে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেইনের সামরিক বাহিনীতে যোগ দেওয়া এক ডজনেরও বেশি বিদেশি স্বেচ্ছাসেবক যোদ্ধা নিহত হয়েছেন। ২১ জুলাই ক্রোপিভনিতস্কি শহরের কাছে একটি প্রশিক্ষণ ক্যাম্পে দুপুরের খাবারের সময় হামলাটি হয় বলে প্রত্যক্ষদর্শী এক সেনার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যমটি।  

সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকের আগে ইউক্রেইনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। 

আরও পড়ুন: 

পুতিন 'ভান করছেন', ট্রাম্পকে সতর্ক করেছি: জেলেনস্কি

যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়া 'গুরুতর পরিণতি' ভোগ করবে: ট্রাম্প

ইউক্রেইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বহু বিদেশি যোদ্ধা নিহত