পুতিন ‘ভান করছেন’, ট্রাম্পকে সতর্ক করেছি: জেলেনস্কি
আলাস্কার বৈঠক থেকে দুই নেতা সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেইনের ওপর ‘অন্যায্য শর্ত’ চাপিয়ে দিতে পারেন বলে কিইভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে।
আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের বৈঠকের আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে ভ্লাদিমির পুতিনের আগ্রহ যে মূলত ‘ভান’ সে ব্যাপারে তিরি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে পুতিন-ট্রাম্প বৈঠক হতে যাচ্ছে। এ বৈঠক থেকে দুই নেতা সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেইনের ওপর ‘অন্যায্য শর্ত’ চাপিয়ে দিতে পারেন বলে কিইভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে।
“পুতিন যে ভান করছেন সেটি আমি মার্কিন প্রেসিডেন্ট ও আমাদের সকল ইউরোপীয় সহকর্মীকে জানিয়েছি,” বার্লিনে বুধবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আলাস্কার বৈঠকের আগে তিনি (পুতিন) ইউক্রেইন ফ্রন্টের সব অংশে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। রাশিয়া দেখানোর চেষ্টা করছে তারা পুরো ইউক্রেইন দখলে নিতে পারে,” বলেছেন তিনি।
ট্রাম্প ও অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল আলাপের পর জেলেনস্কি এসব বলেছেন। একই সময়ে পূর্ব ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে কিইভ সেনাদের ওপর হামলা জোরদার করেছে মস্কো, তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেইনের আরও ভূমি নিজেদের দখলে নেওয়া।
জেলেনস্কি বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরই আলাস্কা বৈঠকের মূল আলোচ্যসূচি হবে বলে তিনি আশা করছেন।
ভূখণ্ড সংক্রান্ত যে কোনো আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি ইউক্রেইনের প্রেসিডেন্টকেও থাকতে হবে, বলেছেন তিনি।
“ইউক্রেইনকে ছাড়া এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। সবার এ বিষয়ে সমর্থনও আছে,” বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সেখানকার আলোচনার খুঁটিনাটিও তাকে জানাবেন, বলেছেন জেলেনস্কি।
