২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ‘আসল প্রেসিডেন্ট’ তিনি!

রাজনীতিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রভাব বাড়তে দেখে তাকেই বেশি ক্ষমতাশালী ভাবছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের অনেকে।

যুক্তরাষ্ট্রের ‘আসল প্রেসিডেন্ট’ তিনি!
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 04:25 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে? নিঃসন্দেহে এখন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এবং নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু বেশ কয়েকজন কংগ্রেস সদস্য বলছেন, আসল প্রেসিডেন্ট হচ্ছেন ইলন মাস্ক।

ডেমোক্র্যাটরা তো বটেই, অনেক রিপাবলিকান পর্যন্ত মাস্ককে বলছেন ‘প্রেসিডেন্ট’। আর ট্রাম্পকে বলছেন ‘ভাইস প্রেসিডেন্ট’। বিশেষ করে সরকারি অর্থায়ন বিল নিয়ে যুক্তরাষ্ট্রে সদ্যই তৈরি হওয়া অচলাবস্থার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ড হয়েছে ‘প্রেসিডেন্ট মাস্ক’ শব্দটি।

রাষ্ট্রীয় অর্থায়ন বিলটি গত বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হতে পারেনি। সেকারণে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ, ‘শাটডাউন’ হওয়ার আশঙ্কা দেখা দেয়। দেশকে এই হুমকির মুখে ঠেলে দেওয়ার পেছনে মুল ভূমিকা ছিল ইলন মাস্কের।

২০২৫ সালের মার্চ পর্যন্ত জাতীয় সরকারের খরচ চালানোর জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সম্মতিতে আনা ওই অন্তর্বর্তী বিলে বাগড়া দিয়েছিলেন ইলন মাস্ক। বিলটিতে খুবই ‘ব্যয়বহুল ব্যবস্থা রাখা হয়েছে’ বলে স্যোশাল মিডিয়া এক্স- এ প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন তিনি।

বিলটি যাতে পাস না হয় সেজন্য তিনি কংগ্রেস সদস্যদেরকে হুমকিও দিয়েছিলেন। হাউজ এবং সিনেটের যে সদস্যরা বিলের পক্ষে ভোট দেবেন, তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে মাস্ক হুমকি দেন।

ট্রাম্প প্রথমে বিলটিতে রাজি থাকলেও, মাস্কের ঘোর আপত্তির পর তার সুরেই কথা বলেন ট্রাম্পও। সরকারি বিষয়ে ইলন মাস্কের এমন প্রকাশ্য হস্তক্ষেপ আর ট্রাম্পের তাকে অনুসরণ, রাজনীতিতে বিশ্বের শীর্ষ এই ধনীর গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসাকেই সামনে নিয়ে এসেছে।  

মাস্ককেই বেশি ক্ষমতাশালী ভাবতে শুরু করেছেন অনেকে। তাই ট্রাম্পের বদলে এখন মাস্ককেই ‘প্রেসিডেন্ট’ বলে বিদ্রুপ করছেন কংগ্রেস সদস্যরা। বিশেষ করে ডেমোক্র্যাটরা মাস্ককে নিয়ে ব্যঙ্গ করে নানা মন্তব্য করছেন।

মাস্কের ক্রমেই ক্ষমতাশালী হয়ে ওঠা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ পাচ্ছে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভস- এর সদস্য জিম ম্যাকগভার্ন কৌতুক করে বলেছেন, ‘অন্তত আমরা জানি যে, কে দায়িত্বে আছেন। তিনি প্রেসিডেন্ট। আর ট্রাম্প এখন ভাইস প্রেসিডেন্ট।’

একইভাবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গারসিয়া এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘ইলন মাস্কের প্রেসিডেন্সিকে স্বাগতম।’ হাউস ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথরিন ক্লার্ক হতাশা প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে বলেন, “এবার আবারও আমরা বিশৃঙ্খলায় আছি...কিন্তু কেন? কারণ ইলন মাস্ক, একজন অনির্বাচিত ব্যক্তি বললেন, ‘আমরা এই চুক্তি করব না,’ আর ডনাল্ড ট্রাম্প তা অনুসরণ করলেন।”

ডেমোক্র্যাটদের এসব মন্তব্য থেকে এটাই স্পষ্ট যে তারা মনে করছেন, ইলন মাস্কের প্রভাব প্রচলিত ক্ষমতার ভারসাম্য ক্ষুন্ন করছে। মাস্কের প্রভাব শুধু কথায় নয়, কাজেও আছে। রিপাবলিকান নীতিতে, বিশেষ করে ব্যয় কাটছাঁট এবং বাজেট নিয়ে তার সরাসরি প্রভাব অনেককেই অস্বস্তিতে ফেলেছে।

টেসলা, স্পেসএক্স এবং এক্স-এর সিইও ও উদ্যোক্তা ইলন মাস্ক একুশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ব্যক্তি। যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনে মাস্ক খোলাখুলিভাবে ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং তার পক্ষে প্রচার চালিয়েছিলেন।  ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদানও দেন মাস্ক।

ওদিকে, ট্রাম্পও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর তার নতুন প্রশাসনে মাস্ককে জায়গা দিতে দেরি করেননি। ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে নতুন একটি বিভাগ বানিয়ে মাস্ককে এর প্রধান পদে বসিয়ে দিয়েছেন ভাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: এনডিটিভি/দ্য ইকোনোমিক টাইমস/এনবিসি নিউজ