২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সেনাদের একজন মারা গেছেন

ন্যাশনাল গার্ড সদস্য সারাহ বেকস্ট্রম মারা গেছেন এবং আরেক ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রু উলফের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সেনাদের একজন মারা গেছেন
দুই ন্যাশনাল গার্ড সদস্য ও বন্দুকধারীর ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ খবর নিশ্চিত করে জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, বুধবার গুলিবিদ্ধ হওয়ার পর আঘাতের কারণে ২০ বছর বয়সী ন্যাশনাল গার্ড সদস্য সারাহ বেকস্ট্রম মারা গেছেন। ন্যাশনাল গার্ডের আহত আরেক সদস্য ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফের অবস্থাও গুরুতর।

মারা যাওয়া সারাহ বেকস্ট্রমের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, “ওয়েস্ট ভার্জিনিয়ার সারা বেকস্টর্মকে নিয়ে কথা বলছি। তিনি একজন সম্মানিত, দুর্দান্ত মানুষ। কিছু ক্ষণ আগেই তিনি মারা গেছেন। তিনি আর আমাদের সঙ্গে নেই।”

গুলিবিদ্ধি অপরজনের বিষয়ে ট্রাম্প বলেন, “তিনি এখনও জীবনের সঙ্গে লড়াই করছেন।” বুধবার স্থানীয় সময় দুপুর ২ টা ১৫ মিনিটে হোয়াইট হাউজের উত্তর-পশ্চিমে মাত্র দু’টি ব্লক দূরে গুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ন্যাশনাল গার্ড সদস্যদের দিকে এগিয়ে গিয়ে আচমকাই বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন আততায়ী।

ফারাগাট মেট্রো স্টেশনের কাছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের নারী রক্ষী সারাহ বেকস্টর্মের দেহে গুলি লাগে। অ্যান্ড্রু ওল্‌ফও গুলিবিদ্ধ হন।

হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম রহমানুল্লাহ লাকানওয়াল (২৯)। বলা হচ্ছে, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যান। তারপর থেকে তিনি ওয়াশিংটনেই থাকতেন।

গুলিতে নিহত সারাহ বেকস্ট্রম ২০২৩ সালে ন্যাশনাল গার্ডে যোগ দিয়েছিলেন। তিনি ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন।

 বুধবার বিকালে তিনি ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের আরেক সদস্য অ্যান্ড্রু উলফের সঙ্গে মিলে টহল দিচ্ছিলেন।