২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের সঙ্গে মিয়ানমার জান্তা প্রধানের সাক্ষাৎ

মিয়ানমার জান্তা প্রধান হ্লায়িং এমন এক সময়ে রাশিয়া সফরে গেছেন যখন দু’দেশকেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্নতা মোকাবেলা করতে হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 08:25 PM

Updated : 07 Sep 2022, 09:41 PM

রাশিয়া সফরে গেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এসময় পুতিন মিয়ানমারের সঙ্গে রাশিয়ার ‘ইতিবাচক’ সম্পর্কের প্রশংসা করেন।

রাশিয়ার একদম পূর্বের নগরী ভ্লাদিভোস্তক এ ইস্টার্ন ইকোনোমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বুধবার এ দুই নেতার বৈঠক হয় বলে জানিয়েছে আরব নিউজ।

মিয়ানমারকে নিয়ে পুতিন বলেন, ‘‘মিয়ানমার দক্ষিণপূর্ব এশিয়ায় আমাদের দীর্ঘদিনের এবং নির্ভরযোগ্য অংশীদার। দিন দিন আমাদের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হচ্ছে।”

মিয়ানমার জান্তা প্রধান এমন একটি সময়ে রাশিয়া সফরে গেছেন যখন দুই দেশকেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্নতা মোকাবেলা করতে হচ্ছে।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন চালানোর কারণে এবং মিয়ানমার গত বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেইনে আগ্রাসনের কারণে পশ্চিমের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেছে। তাই ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চাইছে।

পুতিনকে খুশি করতে মিয়ানমার জান্তা প্রধান হ্লাইং বলেছেন, ‘‘আমি আপনার জন্য গর্বিত, কারণ আপনি যখন ক্ষমতায় আসলেন, রাশিয়া তখন থেকে বলতে গেলে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয়েছে।”

‘‘আমরা আপনাকে শুধু রাশিয়ার নেতা নয় বরং পুরো বিশ্বের নেতা বলতে চাই। কারণ আপনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন এবং স্থিতিশীলতা বজায় রেখেছেন।”

মিয়ানমার জান্তা বাহিনীর পক্ষ থেকে দুই নেতার বৈঠক নিয়ে এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা ‘বন্ধুত্বপূর্ণ এবং খোলামেলা’ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন এবং ‘নিজেদের মধ্যে সম্পর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী পুনরায় দেশটির ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমা বিশ্ব জান্তা বাহিনীর উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্পর্কের অবনতিও হয়েছে।

অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের রাজনীতিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। জান্তা বাহিনীকে হটাতে গণআন্দোলনের কারণে দেশটির অর্থনীতিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া এবং চীন মিয়ানমারের জান্তা বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে। যে অস্ত্র দেশটির সাধরণ মানুষের মুখ বন্ধ করতে ব্যবহার করা হচ্ছে।

অভ্যুত্থানের পর এখন পর্যন্ত মিয়ানমারে বিক্ষোভে দুই হাজার দুইশ’র বেশি সাধারণ বিক্ষোভকারীর প্রাণ গেছে।

দেশকে ‘স্থিতিশীল’ করতে এবং আগামী বছর একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে জান্তা বাহিনী যে ব্যবস্থা গ্রহণ করেছে তার প্রতি ‘সমর্থন’ জানিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত মাসের শুরুর দিকে তিনি মিয়ানমারের রাজধানী নিপিধোতে সফর করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে জান্তা বাহিনীর ‘ভুয়া নির্বাচন’ বয়কট করার আহ্বান জানিয়েছেন।