ইউক্রেইনে যুদ্ধবিরতি নিয়ে কঠোর রাশিয়া, অনিশ্চয়তায় ট্রাম্প–পুতিন বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার ঘোষণা দিলেও হোয়াইট হাউজ এখন বলছে, দুই নেতার মধ্যে বৈঠকের আশু কোনও পরিকল্পনা নেই।
ইউক্রেইনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পিত বৈঠককে অনিশ্চয়তায় ফেলেছে।
মঙ্গলবার হোয়াইট হাউজের এক জ্যোষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আপাতত ট্রাম্প ও পুতিনের মধ্যে কোনও বৈঠক করার পরিকল্পনা নেই।”
তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের মধ্যে “গঠনমূলক আলোচনা” হয়েছে। তাই সরাসরি বৈঠকের আর প্রয়োজন নেই।
ট্রাম্প-পুতিনের বৈঠকের আগে রুবিও এবং ল্যাভরভের মধ্যে এ সপ্তাহেই একটি প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা ছিল।
ট্রাম্প গত বৃহস্পতিবারই জানিয়োছিলেন যে, ইউক্রেইন যুদ্ধ অবসানের চেষ্টায় তিনি এবং পুতিন হাঙ্গেরিতে দুই সপ্তাহের মধ্যেই একটি বৈঠকে বসবেন।
পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই বৈঠকের বিষয়ে কথা বলেছিলেন এবং এরপর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।
আলাস্কায় গত অগাস্টে হওয়া বৈঠকে অগ্রগতি না হওয়ার পর এটি ছিল পুতিনের সঙ্গে ট্রাম্পের আরেকটি উচ্চপর্যায়ের আলোচনায় বসার প্রচেষ্টা।
তবে প্রস্তুতিমূলক বৈঠক নিয়ে বাধা-বিপত্তির কারণে পরিকল্পনা স্থগিত হয়। বৃহস্পতিবার বুদাপেস্টে রুবিও ও ল্যাভরভের প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। সোমবার তারা টেলিফোনে কথা বলেন।
এদিন ট্রাম্প ইউরোপীয় নেতা এবং কিইভ সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেন। মঙ্গলবার ইউরোপীয় নেতারা ওয়াশিংটনকে ইউক্রেইনে অবিলম্বে যুদ্ধবিরতি করার দাবিতে অনঢ় থাকার আহ্বান জানান।
বর্তমান যুদ্ধক্ষেত্রে সংঘাত থামানোর দাবি জানান তারা। তবে রাশিয়া এমন দাবি বরাবরই মানতে অস্বীকার করে আসছে। তারা কোনও ছাড়ও দিতে রাজি নয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, “পরবর্তী ট্রাম্প–পুতিন বৈঠকের স্থান ও সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল আলাস্কা বৈঠকে হওয়া সমঝোতাগুলো বাস্তবায়ন।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “দেখুন, দুই প্রেসিডেন্টের মধ্যে একটি বোঝাপড়া হয়েছে, কিন্তু যা এখনও চূড়ান্ত হয়নি, তা আমরা পিছিয়ে দিতে পারি না। ট্রাম্প বা পুতিন—কেউই বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি।”
বৈঠকের সুস্পষ্ট কোনও দিনক্ষণ নেই এবং বৈঠকের জন্য গুরুত্বসহকারে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এতে সময় লাগতে পারে।”
বৈঠকের সম্ভাব্য তারিখ নিয়ে মস্কোর কোনও বোঝাপড়া হয়েছে কিনা সে সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “না, এমন কোনও বোঝাপড়া হয়নি।”
