২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর চেষ্টা, ফের তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন একটি প্রস্তাব নিয়ে ইরানি নেতাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর চেষ্টা, ফের তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ইরান ও পাকিস্তানের পতাকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 10:28 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার তেহরান সফরে যাচ্ছেন। 

বুধবার তিনি ইরানের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানান, পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘নতুন’একটি প্রস্তাব নিয়ে ইরানি নেতাদের সঙ্গে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে যাচ্ছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা নিয়ে আলোচনা করবেন নাকভি।

মহসিন নাকভির এই তেহরান সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বুধবার এক সতর্কবার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইসলামি প্রজাতন্ত্রটিতে পুনরায় হামলা শুরু করে, তবে এই পশ্চিম এশিয়া যুদ্ধ এবার এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।

নিজেদের ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডস জানায়, “ইরানের বিরুদ্ধে হামলার পুনরাবৃত্তি হলে, প্রতিশ্রুতিবদ্ধ আঞ্চলিক যুদ্ধ এবার এই অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূরে ছড়িয়ে পড়বে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের চূর্ণ-বিচূর্ণ করে দেবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক হুঁশিয়ারির পরই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এসেছে। 

ট্রাম্প বলেছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো না গেলে ওয়াশিংটন ইরানে আবারও হামলা চালাতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের অবসানে দুই পক্ষ যখন একে অপরের কাছে নানা প্রস্তাব পাঠাচ্ছে, ঠিক তখনই সমানতালে হুমকি-পাল্টা হুমকিও বাড়িয়ে চলেছে। 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

রেভল্যুশনারি গার্ডস তাদের বিবৃতিতে আরও বলে, “আমেরিকান-জায়নবাদী শত্রুদের, অবশ্যই জানা উচিত, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সামরিক বাহিনীর পূর্ণ সক্ষমতা ব্যবহার করে আমাদের ওপর আক্রমণ চালানো হলেও, আমরা এখনও ইসলামি বিপ্লবের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করিনি।”

এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ শীর্ষস্থানীয় ইরানি নেতারা নিহত হন, যার জেরে তেহরান পুরো অঞ্চল জুড়ে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।

গত মঙ্গলবার ট্রাম্প চুক্তি স্বাক্ষরের জন্য মাত্র কয়েক দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে সমঝোতা না হলে পুনরায় হামলা শুরু হবে। 

এর আগের দিন তিনি জানিয়েছিলেন যে, উপসাগরীয় আরব দেশগুলোর নেতাদের অনুরোধে একেবারে শেষ মুহূর্তে তিনি পরিকল্পিত হামলা স্থগিত করেছিলেন।

হামলার সম্ভাব্য সময় উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি দুই বা তিন দিন, বড়জোর আগামী শুক্রবার, শনিবার, রোববার বা সপ্তাহের শুরুর দিকের একটি সীমিত সময়ের কথা বলছি।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “পুনরায় যুদ্ধ শুরু হলে সেখানে আরও অনেক বড় চমক থাকবে।”