১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইন সীমান্তে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে বেলারুশ

সীমান্তে ইউক্রেইনের লাখো সেনা মোতায়েনের জবাবে বেলারুশও সীমান্তজুড়ে এই সেনা মোতায়েন করেছে বলে জানিসয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।

ইউক্রেইন সীমান্তে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে বেলারুশ
ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 08:11 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে ইউক্রেইন ১ লাখ ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে।এর জবাবে বেলারুশও ইউক্রেইন সীমান্তজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে। 

তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি লুকাশেঙ্কো। ২০২২ সালের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যানুযায়ী, বেলারুশের পেশাদার সেনা সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্ত সেনা রয়েছে।

লুকাশেঙ্কো বলেন, “তাদের (ইউক্রেইনের) আগ্রাসী নীতি দেখে আমরা সেখানে কয়েকটি জায়গায় আমাদের উপস্থিতি রেখেছি। সীমান্তজুড়ে আমাদের সেনাবাহিনী মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষায় তারা কাজ করবে।”

বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বেলারুশের বেল্টা নিউজ।

ইউক্রেইনের রাজধানী কিইভ এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তবে শনিবার কিইভ জানিয়েছিল, সীমান্তে বেলারুশের মোতায়েন করা সেনার কোনও উল্লেখযোগ্য উপস্থিতি তাদের চোখে পড়েনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো ইউক্রেইনীয় সেনাদের রুশ ভূখণ্ডে অভিযানের পরিপ্রেক্ষিতে সেনা মোতায়েন নিয়ে ওইসব কথা বলেন।

রাশিয়ায় ঢুকে ইউক্রেইনের এই আক্রমণ রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক নেতৃত্বের জন্য বড় ধরনের বিব্রতকর এক বিষয়।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন শুক্রবার বলেছিলেন, ইউক্রেইন থেকে সশস্ত্র উসকানির প্রবল আশঙ্কা রয়েছে এবং দুই দেশের সীমান্ত পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।