০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিল আদালত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে নতুন ভিসা নীতি গ্রহণ করেছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিল আদালত
ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 11:50 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি নতুন কঠোর নীতি কার্যকর হওয়ার আগেই তা আটকে দিয়েছে আদালত।

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে নতুন ভিসা নীতি গ্রহণ করেছিল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এ নীতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার একজন ফেডারেল বিচারক এ নীতি স্থগিত করেন।

যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়ন ও উচ্চশিক্ষা–বিষয়ক সংগঠনগুলোর জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এফ ডেনিস সেলর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ওই নীতি কার্যকর হওয়ার একদিন আগে সেটি স্থগিত করার আদেশ দিয়েছেন।

বিচারক সেলর বলেন, “ডিএইচএস (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) অত্যন্ত দুর্বল যুক্তির ওপর ভিত্তি করে এই নীতি গ্রহণ করেছে।” ডিএইচএস এর দাবি, ভিসা জালিয়াতি থামাতে এবং দেশের সুরক্ষার জন্য এই নিয়ম করা দরকার।

তবে বিচারক স্পষ্ট জানিয়ে দেন যে, আইন অনুযায়ী কোনও নীতি বা নিয়ম পরিবর্তন করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত বা উদ্বেগের বিষয়টি শুনতে হয় এবং কোনও বিকল্প উপায় আছে কি না তা ভেবে দেখতে হয়, যাতে মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। ডিএইচএস এই আইনি দায়িত্বগুলো পালন করেনি।

বিচারক সেলর আরও বলেন, বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি শিক্ষাবিদ যুগান্তকারী গবেষণা ও উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্প্রসারণে অবদান রেখেছেন। প্রস্তাবিত নতুন ভিসা নীতির কারণে উচ্চশিক্ষা ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

নতুন নিয়মে শিক্ষার্থীদের ভিসা সর্বোচ্চ চার বছরে বেঁধে দেওয়া এবং সাংবাদিকদের ভিসার মেয়াদ কমিয়ে মাত্র ২৪০ দিন করার কথা বলা হয়েছিল।

এফ ভিসাধারী বহু বিদেশি শিক্ষার্থীসহ শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির (এক্সচেঞ্জ ভিজিটর ভিসা) জে ভিসাধারীরা এবং আই ভিসাধারী সাংবাদিকরা ট্রাম্প প্রশাসনের এ ভিসা নীতির আওতায় পড়তেন।

বর্তমানে প্রায় ১৬ লাখ মানুষের কাছে 'এফ' ভিসা রয়েছে এবং আরও পাঁচ লাখ মানুষের কাছে 'জে' ভিসা রয়েছে। বিচারক উল্লেখ করেছেন যে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং হার্ভার্ডের মতো প্রধান গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল শতাংশ বিদেশি শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে স্নাতক বা উচ্চতর (গ্র্যাজুয়েট) পর্যায়ে।

বিচারক সেলর বলেন, নতুন নিয়ম কার্যকর হলে এ ধরনের বিশ্ববিদ্যালয়গুলো শত শত মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হতে পারে এবং শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পেতে পারে। এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতির যে ক্ষতি হবে, তা বিপর্যয়কর হতে পারে।