Published : 25 May 2026, 04:52 PM
মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণাঞ্চলের চংচিং এলাকায় মৃত্যু বেড়ে ৯-এ পৌঁছেছে, এবং এখনও ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
শনিবার রাতে আচমকা তুমুল বৃষ্টিপাতে এ পৌরসভা ও এর আশপাশের এলাকা এবং ইয়োংচুয়ান জেলার একাধিক গ্রাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রোববার পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।
বৃষ্টির কারণে ওই অঞ্চলজুড়ে হড়কা বান ও ভূমিধসের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে; ২ হাজারেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত সপ্তাহে তুমুল বৃষ্টিতে সৃষ্ট ব্যাপক বন্যায় চীনের দক্ষিণপশ্চিম ও মধ্যাঞ্চলে ডজনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়।
চীনে বছরের প্রায় পুরোটা সময়জুড়েই কোথাও না কোথাও বন্যা, ভূমিধসের খবর পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে ঝড়-বৃষ্টির সময়সীমায় খানিকটা পরিবর্তন এসেছে; পাশাপাশি অনেক অঞ্চলে দ্রুত বন্যার পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে বছরে কয়েকশ মানুষের মৃত্যু হয়।