লেবাননে ঈদের আনন্দে যুদ্ধের ঘন ছায়া
ঈদের দিন বৈরুতে ভারি বৃষ্টি হয়। এতে দুর্বল উপদানে তৈরি সস্তা তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতরা চরম বিপত্তিতে পড়েন।
লেবাননে ঈদুল ফিতর একটি আনন্দঘন উৎসব। কিন্তু চলতি বছর যুদ্ধ ও বাস্তুচ্যুতি সংকট দেশটির ঈদের আনন্দে ঘন ছায়া ফেলেছে।
শুক্রবার ঈদের দিন সেখানে খুব কমই আনন্দ উদযাপিত হয়েছে। টানা ইসরায়েলি হামলার কারণে হাজারেও বেশি মানুষের মৃত্যু ও ব্যাপক বাস্তুচ্যুতির মধ্যে ঈদের আনন্দ ম্লান হয়েছিল।
ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় চলতি মাসের প্রথম দিক থেকে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই শুরু হয়। এই লড়াই লেবাননকে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া ইরান যুদ্ধের অংশ করে তোলে।
ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননের দক্ষিণ, পূর্বাঞ্চল ও রাজধানী বৈরুতে আঘাত হেনে যাচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে আর ইসরায়েলি সামরিক বাহিনীর ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার আদেশের পর ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ঈদের দিন বৈরুতে ভারি বৃষ্টি হয়। এতে বৈরুতের কেন্দ্রস্থলে দুর্বল উপদানে তৈরি সস্তা তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতরা চরম বিপত্তিতে পড়েন। বৈরুতের বিশাল মোহাম্মদ আল আমিন মসজিদের কয়েক মিটার দূরে এই আশ্রিতরা কোনোরকমে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করে চলেন। আল আমিন মসজিদে তখন ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল।
দুটি মিনিবাসের মাঝে একটি তারপোলিনের নিচে দুই সন্তানসহ আশ্রয় নেওয়া সামাহ হজোলা (৩৩) রয়টার্সকে বলেন, আগের ঈদগুলোর মধুর স্মৃতি তার কাছে অন্য জীবনের অভিজ্ঞতা বলে মনে হচ্ছে।
“আমাদের ওই সময়ের পরিস্থিতি ভিন্ন ছিল। ঈদে আমরা বাড়িতে থাকতাম, আমাদের সন্তানদের নতুন কাপড় থাকতো। বাড়িতে থাকা আর তাঁবুতে, বরং বলা ভালো একটি বাসে থাকা পুরোই আলাদা বিষয়,” বলেন তিনি।
ঈদের নামাজের পর সকাল থাকতে থাকতেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের আকাশে শব্দের চেয়ে বেশি গতিতে উড়ে যায়, এতে শহরজেুড়ে দুটি বিকট শব্দ প্রতিধ্বনিত হয়। এই শব্দগুলোকে অতি সহজেই বিমান হামলা বলে ভুল হতে পারে। নতুন বোমা হামলা শুরু হয়েছে, এমন ভেবে নগরীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
কী কারণে ঈদের দিনে বৈরুতের উপর দিয়ে শব্দের গতির চেয়ে বেশি বেগে যুদ্ধবিমান চালানো হলো, তা নিয়ে রয়টার্সের প্রশ্নে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি।
বৈরুতে বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া এক স্কুলে একটি গানের দল কিছু শিশুর সামনে গান গাইছিল। এ যেন বাড়ি থেকে বিচ্ছিন্ন থাকার বিষন্নতা দূর করার চেষ্টা। স্বেচ্ছাসেবকরা সেখানে থাকা পরিবারগুলোর জন্য খাবার রান্না করছিল আর স্কুল ভবনের উপর থেকে নিচে উঠানে থাকা শিশুদের জন্য বেলুন ছাড়ছিল। বয়স্কদের জন্য মন খারাপের ভাব ঝেড়ে ফেলা কঠিন ছিল।
বাস্তুচ্যুত আবেদ নাসের (৫৩) বলেন, “কোনো ঈদ নাই। আপনি ঈদের কথা বলতেও পারেন না। আমাদের জন্য ঈদ চলে গেছে আর ভালো জীবন বলতে যা বোঝাায় তাও নাই হয়ে গেছে।
“যারা চলে গেছে তাদের নিয়ে দুঃখের মধ্যে আমরা বেঁচে আছি। বাস্তুচ্যুতরা জীবনধারণে অক্ষম, আমরা শোচনীয় পরিস্থিতিতে আছি।”
দক্ষিণ লেবাননের বন্দর শহর সিডনে ঈদের ঐতিহ্য মেনে পরিবারের লোকজন প্রিয়জনদের কবর জিয়ারত করতে যান। ঈদের জামাতের পর লোকজন চুপচাপ নিজ নিজ গন্তেব্যে চলে যান।
আরও পড়ুন:
