২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধ আরও ৬ মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছেন, তা পশ্চিম এশিয়ায় আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন লিওন প্যানেটা।

ইরান যুদ্ধ আরও ৬ মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 11:40 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ইরান যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন এই সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন ঠিক তখনই প্যানেটা এমন কথা বললেন।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছয় মাসের বেশি সময় আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছেন, তা পশ্চিম এশিয়ায় আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে, যার শেষ কোথায়, তার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।

‘যুক্তরাষ্ট্র ও ইরান যে ভয়াবহ অচলাবস্থায় আটকে গেছে, তা কোনও রহস্য নয়। এই যুদ্ধ শেষ করার মতো বিকল্প এখন সত্যিই খুব কম।’, বলেন প্যানেটা।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন প্যানেটা। ইরানের সঙ্গে চলমান সংঘাত ইরাক ও আফগানিস্তানের মতো পশ্চিম এশিয়ায়  ‘আরেকটি ব্যর্থ যুদ্ধে’ পরিণত হওয়ার পথে রয়েছে বলেই মনে করেন তিনি।

প্যানেটা বলেন, “আমি মনে করি, কোনও সমাধান ছাড়াই এই যুদ্ধের আরও ছয় মাস চলার সম্ভাবনা বেশি।’

মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের পদত্যাগ কয়েক দিন পরই গার্ডিয়ানকে এই সাক্ষাৎকার দিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্যানেটা। একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে মতবিরোধের খবরের মধ্যে ড্রিসকল দায়িত্ব ছেড়েছিলেন।

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যানেটা। তিনি বলেন, “এমন এক সময়ে মার্কিন সেনাসদস্যরা যুদ্ধে যাচ্ছেন, যখন পেন্টাগনের কমান্ড কাঠামোয় বিশৃঙ্খলা বিরাজ করছে। এতে এমন ধারণাই তৈরি হচ্ছে যে, আসলে কেউই দায়িত্বে নেই।’

প্যানেটা বলেন, “ আমি মনে করি, ইরান হোক বা আমাদের অন্য প্রতিপক্ষ, তারা এখন যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি রাখছে। তারা দেখছে, যুক্তরাষ্ট্র নিজেদের রক্ষায় সামরিক শক্তি কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতার দিক থেকে দুর্বল হয়ে পড়েছে।’

“এই মুহূর্তে আমার সবচেয়ে বড় উদ্বেগ হল, আমরা খুবই বিপজ্জনক এক বিশ্বে বাস করছি। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও সন্ত্রাসের দিক থেকে আমাদের জন্য বড় ধরনের হুমকি রয়েছে। ইরানও এর মধ্যে রয়েছে। কিন্তু আমরা আমাদের প্রধান প্রতিপক্ষদের কাছে দুর্বলতার বার্তা পাঠাচ্ছি, এ বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন।’

“যুক্তরাষ্ট্র বিরোধী জোটভুক্ত দেশগুলো (অক্ষশক্তি) মনে করছে যে, যুক্তরাষ্ট্র এখন বেশ দুর্বল, যা বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের জন্য একটি খুবই বিপজ্জনক ইঙ্গিত। আর আমরা যখন এ ধরনের হুমকির মুখে আছি, তখন দুর্বলতার বার্তা পাঠানো খুবই ভয়াবহ।’

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন সম্প্রতি বলেছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের নেতৃত্বে তারা ‘পুরোদমে কাজ করছে’।