Published : 07 Jan 2026, 01:20 AM
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে বহু মানুষ, বিশেষ করে কিউবার অনেক সেনা প্রাণ হারিয়েছেন বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, সামরিক অভিযানটি দুর্দান্ত ছিল।
এ অভিযানে ১৫২ টি বিমান অংশ নিয়েছে এবং কোনও আমেরিকান হতাহত হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে “তাদের হাতে সবচেয়ে শক্তিশালী, প্রাণঘাতী, সর্বাধুনিক এবং ভয়ঙ্কর সামরিক বাহিনী আছে।”
তিনি আরও বলেন, অভিযানের সময় ভেনেজুয়েলার পক্ষে অনেক অনেক সেনা মারা পড়েছে। তাদের বেশির ভাগই কিউবান, যারা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন।
ভেনেজুয়েলার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কারাকাসে মাদুরোর কম্পাউন্ডে যুক্তরাষ্ট্রের চালানো গত শনিবারের অভিযানে ৫৭ জন নিহত হয়েছে।
এর মধ্যে ২৩ জন ভেনেজুয়েলার সেনা এবং ৩২ জন কিউবার যোদ্ধা। আর দুইজন বেসামরিক নাগরিকও তাদের সঙ্গে নিহত হয়েছে। এই দুইজনই নারী।
কিউবান কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা গ্রানমাও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে সেনা নিহতের খতিয়ান তুলে ধরেছে ‘অনার অ্যান্ড গ্লোরি’ শিরোনামে। বলা হয়েছে, এই সেনারা লড়াই করে এবং তীব্র প্রতিরোধের পর নিহত হয়েছে।
কিউবা দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, মাদুরো তার নিরাপত্তা ও বিভিন্ন পরামর্শের জন্য কিউবান দেহরক্ষী ও উপদেষ্টাদের ওপর নির্ভর করতেন।
যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে যাওয়ার সময় এই কিউবানরা প্রতিরোধ গড়ে তুললে প্রাণহানির ঘটনা ঘটে বলে ট্রাম্প জানিয়েছেন।