১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিলিপিন্সের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২

সেবুর প্রদেশের এই ভূমিকম্পটি ২০১৩ সালের পর থেকে দেশটিতে হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী।

ফিলিপিন্সের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২
সেবু প্রদেশের বোগো শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন ও গাড়ি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ফিলিপিন্সের মধ্যাঞ্চলে দুই দিন আগে হওয়া ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। 

মঙ্গলবার রাতে হওয়া এ ভূমিকম্পে আরও ২৯৪ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে। 

প্রতিবেদনটির বরাতে রয়টার্স জানিয়েছে, প্রাণহানির সবগুলো ঘটনাই মধ্যাঞ্চলীয় ভিসায়াসে নথিবদ্ধ করা হয়েছে।  

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো। এরপর থেকে বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৬ মাত্রার ছিল।

ভূমিকম্পে পুরো অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে যায় এবং শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ও সেতু ধসে পড়ে। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি তৈরি হয়নি।

ভূমিকম্পে সেবুর উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের সান রেমিজিওকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়। 

সেবুর এই ভূমিকম্পটি ২০১৩ সালের পর থেকে দেশটিতে হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এর আগে সেবুর পার্শ্ববর্তী বোহোল দ্বীপে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে ২২২ জন নিহত হয়েছিল। 

প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরি ও ভূমিকম্পপ্রবণ লাইন ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ওপর অবস্থিত হওয়ায় ফিলিপিন্সে প্রতি বছর কম করে হলেও ৮০০ ভূমিকম্প হয়। এগুলোর কোনো কোনোটি বেশ শক্তিশালী হয়।