আয়ারল্যান্ডে পেট্রল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭
বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও পাওয়া গেছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ভবনের নিচে লোকজন আটকা পড়ে ছিলেন, তাদের কেউ কেউ নিজেরাই জরুরি বিভাগের সঙ্গে যোগাযাগ করেছেন।
আয়ারল্যান্ডের ডোনেগল কাউন্টির একটি পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার পর ক্রিসলগ গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রল স্টেশনে এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিস্ফোরণের কারণ জানায়নি পুলিশ। আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
একাধিক ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে পেট্রল স্টেশনের উপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।
“অনুসন্থান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে,” বলা হয়েছে পুলিশের বিবৃতিতে।
স্থানীয় সাংসত পিয়ার্স দোহার্টি বলেছেন, শুক্রবারের ওই ‘বিশাল বিস্ফোরণের’ শব্দ কয়েক মাইল দূর থেকেও পাওয়া গেছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ভবনের নিচে লোকজন আটকা পড়ে ছিলেন, তাদের কেউ কেউ নিজেরাই জরুরি বিভাগের সঙ্গে যোগাযাগ করেছেন।
ওই পেট্রল স্টেশনের গ্রামের একমাত্র সুপারশপ, সেখানে একটি ডাকঘর আর একটি চুল কাটার দোকানও আছে। শুক্রবার স্কুল ছুটির পর ওই সময় এলাকাটি বেশ ব্যস্ত থাকে, বলেছেন তিনি।
আইরিশ কোস্ট গার্ড জানিয়েছে, কাছাকাছি থাকা তাদের হেলিকপ্টার জরুরি বিভাগের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছে।
কাছাকাছি নর্দার্ন আয়ারল্যান্ড থেকেও বিশেষজ্ঞ উদ্ধারকারীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, বলেছে তারা।
